জীতু চলে যেতেই ফিসফিস করে ‘আই লাভ ইউ’ সৃজলার! বিগ বস বাংলায় শেষ নমিনেশনে বড় চমক

বিগ বস বাংলা সিজন ৩-এর শেষের দিকে এসে উত্তেজনা এখন চরমে। ট্রফির দৌড় থেকে শুরু করে টপ ফাইভে কারা জায়গা করে নেবেন, তা নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। এরই মাঝে ২৪ নভেম্বরের পর্বে হাউসের শেষ নমিনেশন ঘিরে বড় মোড় দেখা গিয়েছে। এদিনের পর্বে যেমন প্রতিযোগীদের বন্ধুত্বে চিড় ধরতে দেখা গিয়েছে, তেমনই পুরনো দ্বন্দ্বও নতুন করে সামনে এসেছে। পাশাপাশি জীতু কমলের সামনে সরাসরি কিছু না বললেও, পরে একা একা সৃজলাকে ‘আই লাভ ইউ’ বলতে শোনা গিয়েছে বলে খবর।
জীতুকে ভালোবাসেন সৃজলা? পর্বে দেখা যায়, গভীর রাতে জীতু কমল সৃজলার হাত ধরে বারবার তাঁর মনের কথা জানতে চান। তবে জীতু সামনে থাকাকালীন সৃজলা কোনও সাড়া দেননি। জীতু সেখান থেকে উঠে যাওয়ার পরই সৃজলাকে একা একা ফিসফিস করে ‘আই লাভ ইউ’ বলতে শোনা যায়। এই ঘটনার পর রাত সাড়ে ৩টে নাগাদ দু’জনের মধ্যে সম্পর্ক ও ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা হয়। সৃজলা জানান, তাঁর কাঁধে অনেক দায়িত্ব রয়েছে এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই তিনি বর্তমান সম্পর্কের সিদ্ধান্ত নিয়েছেন।
সৃজলার এই কথার জবাবে জীতু দাবি করেন, স্বাধীনচেতা স্বভাবের কারণে সৃজলার বর্তমান সম্পর্ক দু’বছরও টিকবে না। পাশাপাশি জীতু স্পষ্ট করে দেন, সৃজলাকে ছেড়ে থাকা তাঁর পক্ষে কঠিন এবং ফিনালের পর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এর আগেও বিগ বসের ঘরে জীতু সৃজলাকে বেশ কয়েকবার প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এবং চিরকুটও লিখেছিলেন, কিন্তু তখন সৃজলা সরাসরি না করে দিয়েছিলেন। এবার সৃজলার মনের কথাও প্রকাশ্যে আসায় নতুন জল্পনা শুরু হয়েছে।
শেষ নমিনেশন প্রক্রিয়ায় টানটান উত্তেজনা নমিনেশন ও সৃজলার নানা মন্তব্য ঘিরে রাজবীর ও সৃজলার মধ্যে তীব্র বচসা বাঁধে। এ ছাড়া সৃজলার কথায় সৌরভ ও রাজবীরের বন্ধুত্ব নিয়েও প্রশ্ন ওঠে। অন্যদিকে, দুর্নিবারকেও সৃজলাকে নিয়ে কড়া মন্তব্য করতে দেখা যায়। এদিনের নমিনেশন পর্বে বেশিরভাগ প্রতিযোগীর নিশানায় ছিলেন রাজবীর ও সৃজলা।
এর মধ্যে জীতু কমল যখন রাজবীরকে নমিনেট করেন, তখন ঘরে চমক তৈরি হয়। সৃজলা ও তাঁকে নিয়ে রাজবীরের মন্তব্যের কারণেই যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তা স্পষ্ট করেন জীতু। রাজবীরের আচরণে তিনি কষ্ট পেয়েছেন বলেও জানান। পরে রাজবীর জীতুর কাছে ক্ষমা চেয়ে স্বীকার করেন যে, জীতুর কাছ থেকে এই নমিনেশন তিনি প্রাপ্য ছিলেন।
অন্যদিকে, মনামী বা তনুশ্রী যখন সৃজলাকে নমিনেট করেন, তখন তাঁদের যুক্তি মানতে নারাজ ছিলেন সৃজলা। তাঁদের বক্তব্য ছিল, শুরুর দিকে সৃজলা যেভাবে খেলছিলেন, এখন আর সেভাবে খেলছেন না। এই নিয়ে নমিনেশন পর্বে বেশ তর্কাতর্কি হয়। এমনকি তনুশ্রী রাজবীরকে নমিনেট করলে তাঁদের দু’জনের মধ্যেও তুমুল ঝগড়া শুরু হয়। সব মিলিয়ে এই সপ্তাহে নমিনেশনের তালিকায় রয়েছেন রাজবীর, তনুশ্রী, নিরঞ্জন ও সৃজলা। সপ্তাহান্তে কার সফর এখানেই থামে, এখন সেদিকেই তাকিয়ে দর্শকরা।