আবাস যোজনায় কাটমানি? সরাসরি জানাতে বললেন অজয় রায়! মানবাজারে বসলো ‘ঘুষের ড্রপ বক্স’

তোলাবাজি ও কাটমানির অভিযোগ রুখতে কড়া বার্তা দিলেন একাধিক বিজেপি বিধায়ক। বিধায়কের নাম করে কেউ ৫০ বা ১০০ টাকা চাইলেও তার ‘বুকের কলার ধরে থানায় নিয়ে যেতে’ বলেছেন হাবরার বিধায়ক। অন্যদিকে, আবাস যোজনা-সহ সরকারি প্রকল্পে কাটমানি চাওয়া হলে সরাসরি অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন দিনহাটার বিধায়ক। এরই মধ্যে তোলাবাজির অভিযোগ জমা নিতে মানবাজারে মহকুমা শাসক (SDO)-এর দফতরে বসানো হয়েছে ড্রপ বক্স।
কী বললেন হাবরার বিধায়ক?
হাবরার বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল বলেন, “কিছু লোক বিভিন্নভাবে টাকা চাইছে। ১০০ টাকা, ৫০ টাকা। বিভিন্নভাবে টাকা চাইছে এবং বিধায়কের নাম করে। যদি মনে হয় আমাদের আশপাশে ঘুরছে, টাকা চাইছে, বুকের কলারটা ধরে সঙ্গে সঙ্গে তাকে থানায় নিয়ে যান। সঙ্গে সঙ্গে তাকে থানায় দিয়ে দেবেন। পুলিশ-প্রশাসনকে বলা আছে। বারে বারে বলা আছে। তারা সরকারটাকে ভালবাসে না। তারা দলটাকে-সরকারটাকে কালিমালিপ্ত করার জন্য ঘুরে বেড়াচ্ছে। তাই সকলকে অনুরোধ করছি এবং পুলিশ-প্রশাসনকে বলা আছে, আপনাদের মাধ্যমেও বলছি, এরকম অভিযোগ গেলে, কে কার লোক আপনার দেখার দরকার নেই, সঙ্গে সঙ্গে গ্রেফতার করুন এবং আইনগত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নিন।”
দিনহাটার বিধায়কের আহ্বান
অন্যদিকে, দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় বলেন, “আবাস যোজনায় যারা ঘর পেয়েছেন বা বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা আপনারা পাবেন, প্রত্যেক বেনিফিসিয়ারির কাছে আমি আবেদন রাখছি, যদি কোনওরকম এরকম ঘটনা দেখতে পান চোখে বা কেউ আপনাকে প্রেসার করে বা আপনার কাছে যায়, কোনও সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য যদি কেউ কাটমানি নিতে চায় বা আবাস যোজনার নাম করে কেউ যদি কাটমানি চায় আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।”
মানবাজারে ড্রপ বক্স ও ডেবরার পুরনো ঘটনার প্রসঙ্গ
তোলাবাজির অভিযোগ নথিভুক্ত করতে মানবাজারের SDO দফতরে ড্রপ বক্স বসানো হয়েছে। এ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, “মানবাজার মহকুমার শাসকের দফতরে গিয়ে দেখলাম, একটা টিনের বাক্স রাখা আছে। সেখানে লেখা আছে, ‘ঘুষ চাইলে এই বাক্সে জানান।’ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সাধারণ মানুষ হিসাবে আমরা খুবই খুশি।”
উল্লেখ্য, কয়েকদিন আগে তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় শাসকদলেরই একাংশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছিলেন ডেবরার বিজেপি বিধায়ক শুভাশিস ওম। অভিযোগপত্রে তিনি জানিয়েছিলেন, ডেবরা থানার কাছে কিছু বিজেপি কর্মীর বচসা ও হাতাহাতির ঘটনা থামাতে গিয়ে তিনি নিজেই আক্রান্ত হন। তাঁর দাবি ছিল, সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী উদ্ধার না করলে তিনি আরও বড় বিপদে পড়তে পারতেন।