হল খালি গেলে সরিয়ে দিতে হয়”—বাস্তব সমস্যার মাঝেই বাংলা ছবির প্রাইম টাইম শো নিয়ে বড় সিদ্ধান্ত

প্রেক্ষাগৃহে বাংলা ছবি চালানো নিয়ে সাম্প্রতিক টানাপোড়েনের আবহে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। সিনেমা হলে বাংলা ছবির প্রাইম টাইম শো নিশ্চিত করতেই হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার চলচ্চিত্র জগতের বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা বিস্তারিত জানান বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ।
বৈঠকের সারমর্ম তুলে ধরে রুদ্রনীল ঘোষ জানান, রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহে বাংলা ছবির জন্য প্রাইম টাইম শো থাকা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্য ভাষার ছবি প্রদর্শনে কোনও বাধা না থাকলেও বাংলা ছবিকে নির্ধারিত প্রাইম টাইমে জায়গা দিতেই হবে। এই নিয়ম মানা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চিঠি পাঠানো হবে এবং প্রয়োজনে লাইসেন্স বাতিলসহ আইনি পদক্ষেপের বিষয়টিও বিবেচনা করা হবে।
সাম্প্রতিক সময়ে বাংলা ছবির শো কমে যাওয়া বা হল থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। রুদ্রনীল ঘোষের বক্তব্য অনুযায়ী, এই আলোচনা কেবল কোনও একটি ছবির ঘটনাকে কেন্দ্র করে সীমাবদ্ধ ছিল না; বরং সামগ্রিকভাবে বাংলা সিনেমার টিকে থাকার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, “আজকে যে চর্চা ছিল সেটা শুধুমাত্র ‘সাধক বামাক্ষ্যাপা’ সিনেমাটির জন্যেই নয়। বহু সিনেমা নিয়ে, বাংলা সিনেমা নিয়ে এই ঘটনা বহু বছর ধরে ঘটছে। কিন্তু এটাই নতুন সরকার।”
হল মালিক, ডিস্ট্রিবিউটর, প্রযোজক এবং পরিচালকদের প্রতিনিধিদের একসঙ্গে ডেকে মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, তাকে ইতিবাচক বলেই বর্ণনা করেছেন রুদ্রনীল ঘোষ। তাঁর কথায়, “যারা এই সিনেমা বানিয়েছেন, যারা জড়িয়ে রয়েছেন, তারা প্রত্যেকে হল মালিকদের অ্যাপ্রোচ করুন এবং হল মালিক যারা রয়েছেন, তারা তাদের অ্যাপ্রোচ গ্রহণ করুন।” পাশাপাশি হল মালিকদের বাস্তব সমস্যার কথাও উঠে এসেছে বৈঠকে। রুদ্রনীল জানান, “সিনেমা এমন পারফরম্যান্স করছে না, হল খালি যাচ্ছে দেখে আমাদের অনেক সময় সিনেমা সরিয়ে দিতে হয়েছে।”
মিঠুন-প্রসেনজিৎকে নিয়ে কমিটি ও নতুন হলের পরিকল্পনা
চলচ্চিত্র মহলের সমস্যা ও তার সমাধানের পথ খুঁজতে মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো অভিজ্ঞ ব্যক্তিত্বদের যুক্ত করে একটি কমিটি গঠনের কথাও জানান রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, “দুজন অভিজ্ঞ মানুষের কাছে একটা নির্দিষ্ট টিম তৈরি করে দিয়েছেন, যাতে এই ঘটনাটির একদম তথ্য এবং লিখিতভাবে, যাতে সবাই মিলে বাংলা কাজগুলোকে যাতে সুন্দরভাবে করতে পারে, দেখাতে পারে।” মুখ্যমন্ত্রীর বার্তা উদ্ধৃত করে রুদ্রনীল জানান, অভিজ্ঞরা যেন সবার স্বার্থে মতামত দেন, ব্যক্তি স্বার্থে নয়।
নিয়ম কড়াকড়ির পাশাপাশি রাজ্যের পরিকাঠামো উন্নয়নের দিকেও নজর দিচ্ছে সরকার। রুদ্রনীল ঘোষের দাবি অনুযায়ী, প্রায় ৫১টি নতুন হল সরকারি উদ্যোগে নির্মাণের পাশাপাশি বাকি প্রেক্ষাগৃহ ও সংস্কারযোগ্য জায়গাগুলোকে সিনেমা প্রদর্শনের উপযোগী করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রাইম টাইমে বাংলা সিনেমাকে পরিষ্কার শো দিতেই হবে একটি এবং তার সঙ্গে সঙ্গে যদি কেউ এটা না মানেন, তার ক্ষেত্রে কিন্তু লিগ্যাল অ্যাকশন হবে।” এ ছাড়া হলগুলো বাঁচিয়ে রাখতে আর্থিক সাহায্যের বিষয়টিও ভেবে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।