শিক্ষিত মহিলাদের ‘ব্যবহার’ থেকে দলবদলের জল্পনা—ব্রাত্য বসুকে নিশানা করে কী বার্তা দিলেন সৌমিত্র খাঁ?

পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের পর এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে তীব্র সুর চড়ালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দুর্গাপুর থেকে ব্রাত্য বসুকে নিশানা করে বিষ্ণুপুরের সাংসদ বলেন, “ব্রাত্যবাবু যুবসমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, এর বিচার একদিন হবেই।” পাশাপাশি তৃণমূলের একাংশের বিরুদ্ধে শিক্ষিত মহিলাদের ব্যবহার করার মতো গুরুতর অভিযোগও তুলেছেন তিনি।

সৌমিত্র খাঁর দাবি, ‘হাই সোসাইটি’র পরিচয় দেওয়া তৃণমূলের একাধিক মন্ত্রী ও নেতা শিক্ষিত মহিলাদের কখনও শারীরিকভাবে, আবার কখনও মানসিকভাবে ব্যবহার করেছেন। ব্রাত্য বসুকে কটাক্ষ করে সৌমিত্র বলেন, “তৃণমূলের সমস্ত কিছু গ্রহণ করার পর এখন পরিস্থিতি বদলাতেই সেই দলকে বর্জ্য পদার্থ বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে তৃণমূল থাকবে কি থাকবে না, তা নিয়ে ব্রাত্য বসু কী বলছেন, তাতে কিছু যায় আসে না। ব্রাত্য বসু এবং তাঁর লোকজন যেভাবে যুবসমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, তার বিচার একদিন হবেই।”

তৃণমূল নেতাদের বিজেপিতে যোগদানের জল্পনা প্রসঙ্গে সৌমিত্র খাঁ স্পষ্ট করেন, সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেন্দ্রীয় নেতৃত্বের হাতে। তাঁর কথায়, “বিজেপি বড় দল। সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের হাতেই। কেন্দ্রীয় সভাপতি নিতিন নবীন যে সিদ্ধান্ত নেবেন, সেটাই আমাদের সিদ্ধান্ত।”

একসময় বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ বলে কটাক্ষ করত তৃণমূল। সেই প্রসঙ্গ টেনে সৌমিত্র খাঁ বলেন, “যাঁরা একসময় বিজেপিকে ওয়াশিং মেশিন বলে আক্রমণ করতেন, তাঁরাই গেরুয়া শিবিরে আসার জন্য বেশি তৎপর। বর্তমান পরিস্থিতিতে সম্পদ এবং নিজেদের ভবিষ্যৎ কীভাবে সুরক্ষিত রাখা যায়, তা নিয়েই চিন্তায় অনেকে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *