যেখানে ৬০-৭০ হাজার ভোট পেয়েছে সপা, সেখানেও আসন ছাড়ছে? রামগোপাল যাদবের ঘোষণায় বড় চমক

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আসন বণ্টনের জট কাটাতে মঙ্গলবার দ্বিতীয় দিনের বৈঠক করল কংগ্রেস ও সমাজবাদী পার্টি (সপা)। বৈঠক শেষে সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক রামগোপাল যাদব জানান, জোটের সমঝোতায় আপাতত কংগ্রেসের জন্য ২৬টি আসন চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে আগের বিধানসভা নির্বাচনে দু’টি আসনে কংগ্রেস জিতেছিল এবং চারটিতে দ্বিতীয় স্থানে ছিল। তবে আসন বণ্টন নিয়ে আলোচনা এখনও জারি রয়েছে বলে স্পষ্ট করেছেন তিনি।
রামগোপাল যাদবের দাবি, বাকি আসনগুলির মধ্যে এমন ২০টি আসনও রয়েছে, যেখানে পূর্ববর্তী নির্বাচনে সমাজবাদী পার্টি কংগ্রেসের তুলনায় অনেক ভাল ফল করেছিল—তা সত্ত্বেও সেই আসনগুলি ছাড়তে সম্মত হয়েছে সপা।
তাঁর কথায়, “সমাজবাদী পার্টি কংগ্রেসকে ২৬টি আসন দিয়েছে। এর মধ্যে দুটি আসনে কংগ্রেস জয়ী হয়েছিল এবং চারটিতে দ্বিতীয় স্থানে ছিল। বাকি ২০টি আসনে সমাজবাদী পার্টি ৬০ থেকে ৭০ হাজার ভোট পেয়েছিল, যেখানে কংগ্রেস পেয়েছিল মাত্র ২ হাজার ভোট। তা সত্ত্বেও আমরা ওই আসনগুলি কংগ্রেসকে ছেড়ে দিচ্ছি।” রামগোপাল আরও জানান, আপাতত এটুকুই চূড়ান্ত হয়েছে এবং বাকি আসন নিয়ে আলোচনা চলবে।
নয়াদিল্লিতে প্রথম দফার বৈঠক ও কংগ্রেসের দাবি
এর আগে ২৩ নভেম্বর নয়াদিল্লিতে দুই দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে প্রথম দফার বৈঠক হয়েছিল। ওই বৈঠকের পরদিনই রামগোপাল যাদবের এই বক্তব্য সামনে এল। প্রথম দফার বৈঠককে ইতিবাচক বলে অভিহিত করেছিলেন দুই দলের নেতারাই এবং দ্রুত সমঝোতা চূড়ান্ত হওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, নয়াদিল্লিতে রাজ্যসভার সাংসদ প্রমোদ তিওয়ারির বাসভবনে প্রায় ২০ মিনিট ধরে প্রথম দফার আলোচনা চলে। সে সময় উত্তরপ্রদেশে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজেন্দ্র পাল গৌতম জানান, কোন কোন আসনে কংগ্রেস লড়তে চায়, সে বিষয়ে আলোচনা হয়েছে এবং কংগ্রেস নেতাদের দাবি শুনে দলীয় প্রধান অখিলেশ যাদবের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানানো হবে বলে আশ্বাস দেয় সপা। কংগ্রেসের তরফে সম্ভাব্য আসনের একটি তালিকাও সপা নেতৃত্বের হাতে তুলে দেওয়া হয় বলে খবর।
২০২৭-এর লড়াই ও অতীতের হিসাব
২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বেশি সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে কংগ্রেস। গত ১৪ নভেম্বর সপা প্রধান অখিলেশ যাদব জানান, কংগ্রেস ১৮১টি আসন চেয়েছে; তবে আসনের সংখ্যার চেয়ে প্রার্থীদের জয়ের সম্ভাবনাই জোটের মূল মানদণ্ড হবে বলে স্পষ্ট করেন তিনি।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল এবং লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধির অবস্থানকে সামনে রেখেই বেশি আসন দাবি করছে কংগ্রেস। পাশাপাশি ২০১৭ সালের বিধানসভা জোটের প্রসঙ্গও উঠে আসছে—যখন ১০৭টি আসনে লড়ে কংগ্রেস মাত্র ৭টিতে জিতেছিল এবং সপা পেয়েছিল ৪৭টি আসন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৪৩টিতে জিতে সপা-কংগ্রেস জোট ভালো সাফল্য পায় এবং রাজ্যে বিজেপির আসনসংখ্যা কমে আসে।
সূত্রের খবর, অমেঠি ও রায়বরেলির মতো কংগ্রেসের শক্ত ঘাঁটি এবং মইনপুরী ও ইটাওয়ার মতো সপার প্রভাবশালী এলাকাগুলি সুরক্ষিত রেখেই আসন সমঝোতার ছক কষা হচ্ছে। সপার আসন সমঝোতা কমিটির নেতৃত্বে রয়েছেন রামগোপাল যাদব, যেখানে রাজ্য সভাপতি শ্যামলাল পাল এবং সাংসদ রাজীব রায় ও ইকরা চৌধুরী রয়েছেন।