জাতীয় স্বার্থ না স্থানীয়দের অস্তিত্ব? সিয়াং জলবিদ্যুৎ বিতর্কে আলোচনার বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

অরুণাচল প্রদেশের প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াটের ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট’ (SUMP)-কে একটি গুরুত্বপূর্ণ ‘জাতীয় প্রকল্প’ বলে অভিহিত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ২৩ অক্টোবর পাসিঘাটে প্রকল্পবিরোধী বিক্ষোভ হিংসাত্মক রূপ নেওয়ার পর শনিবার ইটানগরে এক অনুষ্ঠানে এই প্রথম বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন তিনি। অরুণাচলের সার্বিক উন্নয়ন, দেশের জ্বালানি নিরাপত্তা, রাজ্যের আয় বৃদ্ধি এবং কৌশলগত স্বার্থে এই প্রকল্পটি অত্যন্ত জরুরি বলে স্পষ্ট করেছেন শাহ।

তিন দিনের সফরে শুক্রবার ইটানগরে পৌঁছান অমিত শাহ; বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। শনিবার ‘প্রেসিডেন্ট’স পুলিশ কালার অ্যাওয়ার্ড অ্যাকাডেমি’-র অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিয়াং উপত্যকার বাসিন্দাদের আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রকল্পের সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের সঙ্গে ‘ইতিবাচক ও গঠনমূলক’ আলোচনা করা হবে।

সিয়াংবাসীর উদ্দেশে অমিত শাহ বলেন, “সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে আপনাদের সমস্ত উদ্বেগ ও আশঙ্কার কথা আমি জানতে পেরেছি। গতকাল মুখ্যমন্ত্রীও আমাকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। আমরা ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা করব। আপনাদের আস্থা নিয়েই আলোচনার মাধ্যমে এগোনোর পথ খুঁজে বের করা হবে। এ নিয়ে আপনাদের চিন্তার কোনও কারণ নেই।” আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আশ্বাস দেন, স্থানীয় ঐতিহ্য ক্ষুণ্ণ না করেই এগোনো হবে এবং রাজ্য সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান।

উল্লেখ্য, ১১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতায় গত এক মাস ধরে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন সিয়াংয়ের বাসিন্দা এবং স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী। প্রকল্প হলে পূর্বপুরুষের জমি, জীবন-জীবিকা, পরিবেশ ও সাংস্কৃতিক অস্তিত্ব সংকটে পড়বে বলে আশঙ্কা তাঁদের। শাহের সফরের আগেই প্রকল্প বাতিল এবং প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা (পিএফআর) স্থগিত রাখার দাবিতে চিঠি ও স্মারকলিপি দিয়েছে একাধিক সংগঠন।

গত ২৩ অক্টোবর পাসিঘাটে বিক্ষোভের সময় ভাঙচুর ও অশান্তির ঘটনায় বেশ কয়েকজনকে আটক ও গ্রেফতার করে পুলিশ। বিক্ষোভকারী সংগঠনগুলির দাবি, রাজ্য সরকারের সঙ্গে পরবর্তী আলোচনার আগে ধৃত সমাজকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নিরাপত্তা বাহিনীও মোতায়েন করেছিল কেন্দ্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *