রবিবার থেকেই কমবে বৃষ্টির দাপট, আগামী সপ্তাহে ১৮ ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রা!

ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় সপ্তাহান্ত থেকেই রাজ্যে বৃষ্টির দাপট কমার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি কমতেই আগামী সপ্তাহের শুরু থেকেই মিলতে পারে শীতের আমেজ। বিশেষ করে মঙ্গলবার থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে বলে জানানো হয়েছে।

শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকেই বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। ‘আকভান’-এর পরোক্ষ প্রভাবে রবিবার কলকাতা ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় দু-এক পশলা বৃষ্টি হলেও সোমবার পর্যন্ত আকাশ আংশিক মেঘলা বা মুখভার থাকতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে এবং আগামী সপ্তাহে ধাপে ধাপে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গেও মঙ্গলবার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড়ের দাপট কমার পর শনিবার থেকেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে পুরী। ঝড়ের প্রভাবে শুক্রবার থেকে ঝাড়খণ্ডে বৃষ্টি শুরু হয় এবং শনিবার বিরসা মুন্ডা বিমানবন্দরে ২০টি বিমান বাতিল করা হয়েছে বলে খবর।

এদিকে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সাম্প্রতিক বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের কুমিরকোলা এলাকায় চাষের জমিতে জল জমে যাওয়ায় আলু নষ্ট বা পচে যাওয়ার আশঙ্কায় রয়েছেন চাষিরা। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে হুগলির জাঙ্গিপাড়ার বিস্তীর্ণ কৃষি জমিও। শনিবার সেখানে জমি সংলগ্ন নিকাশি নালায় জমে থাকা কচুরিপানা পরিষ্কার করতে দেখা যায় জাঙ্গিপাড়ার বিজেপি বিধায়ক প্রসেনজিৎ বাগকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *