দারোয়ানের হাতে ছবি জমা দেওয়ার দিন থেকে একতার প্রধান চরিত্র! গৌরবের ভাগ্যবদল কীভাবে?

কুড়ি বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে একতা কাপুরের শোয়ে মুখ্য চরিত্রে কাজ করার সুযোগ পেলেন অভিনেতা গৌরব খান্না। ‘বিগ বস ১৯’ জেতার পর তিনি একতা কাপুরের নতুন ধারাবাহিক ‘দিল কি বেওয়াফাইয়া’-তে প্রধান ভূমিকায় অভিনয় করছেন। বিশ্ব টেলিভিশন দিবসে স্টার প্লাসের এই নতুন শোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের দীর্ঘ সফরের অভিজ্ঞতা ও ‘বিগ বস ১৯’-এর মজার স্মৃতি ভাগ করে নেন গৌরব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারাহ খান এবং সেখানে অভিনেত্রী শ্রদ্ধা আর্যও উপস্থিত ছিলেন।

গৌরব খান্না জানান, টেলিভিশন জগতে দুই দশক কাজ করলেও একতা কাপুরের সঙ্গে তাঁর কখনো সামনাসামনি দেখা হয়নি। সঞ্চালক সলমন খানের সঙ্গে যখন একতা ‘বিগ বস ১৯’-এর ঘরে আসেন, তখনই প্রথম তাঁকে সশরীরে দেখেন গৌরব।

সেই মুহূর্তের কথা স্মরণ করে গৌরব বলেন, ঘরের ভেতর থেকে তিনি একতাকে জিজ্ঞেস করেছিলেন, তাঁর সঙ্গে কাজ করার জন্য আর কত বছর অপেক্ষা করতে হবে। জবাবে একতা বলেছিলেন, তুমি সুপারস্টার, এখনই বেরিয়ে এসো। তার উত্তরে গৌরব জানিয়েছিলেন, না, তিনি বিজয়ী হয়েই ফিরবেন। শেষ পর্যন্ত শুধু ‘বিগ বস ১৯’-এর ট্রফিই জেতেননি গৌরব, শো শেষ হওয়ার পর একতা কাপুরের ধারাবাহিকের প্রধান মুখ হিসেবেও জায়গা করে নেন তিনি।

অনুষ্ঠানে মজার ছলে তানিয়া মিত্তালের প্রসঙ্গ তোলেন ফারাহ খান। তিনি মনে করিয়ে দেন, ‘বিগ বস’-এর ঘরের ভেতরে একতা কাপুর গৌরবকে নয়, বরং তানিয়া মিত্তালকে একটি চরিত্রের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তানিয়ার সঙ্গে সেই বিষয়টি আর এগোয়নি, আর সেদিন কোনো প্রস্তাব না পাওয়া গৌরবই এখন একতা কাপুরের ধারাবাহিকের নায়ক।

গৌরব জানান, কুড়ি বছর আগে একতা কাপুরের অফিসের দারোয়ানের কাছে নিজের ছবি দিয়ে এসেছিলেন, কারণ একতার সঙ্গে কাজ করা তাঁর পছন্দের তালিকার শীর্ষে ছিল। এত বছর ধরে কাজ করা এবং ‘বিগ বস ১৯’ জেতার পরেও যখন একতা তাঁকে গল্প শোনানোর জন্য বাড়িতে ডেকে পাঠান, তখনো তাঁর মনে হয়েছিল তিনি যেন ইন্ডাস্ট্রিতে নতুন এসেছেন। ‘দিল কি বেওয়াফাইয়া’ ধারাবাহিকে গৌরবকে মানব এবং শ্রদ্ধা আর্যকে জানকীর চরিত্রে দেখা যাবে। বিয়ের কুড়ি বছর পর সম্পর্কের অপূর্ণ আকাঙ্ক্ষার গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিকটি ২৪ নভেম্বর থেকে রাত ৯টায় স্টার প্লাস ও জিওহটস্টারে সম্প্রচারিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *