‘তুমি আমাদের জন্য জিতে গিয়েছ’, বিগ বসের বিতর্কে সৌরভের পাশে দাঁড়িয়ে কী লিখলেন দর্শনা?

বিগ বসের ঘরে ‘টিকিট টু ফিনালে’ টাস্ক ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রতিযোগী সৌরভ দাসকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে জিতু কমলের বিরুদ্ধে। এই ঘটনায় হাতে চোট পান সৌরভ। তবে চোট ও হতাশার মাঝেও তাঁর সংযত আচরণ প্রশংসা কুড়িয়েছে দর্শকদের একাংশের। অন্যদিকে, স্বামীর সঙ্গে এমন আচরণ মেনে নিতে পারেননি অভিনেত্রী দর্শনা বণিক। সমাজমাধ্যমে পোস্ট করে জিতুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, ‘টিকিট টু ফিনালে’ টাস্কে মুখোমুখি হয়েছিলেন জিতু কমল ও সৌরভ দাস। নিয়মানুযায়ী, একটি রিকশায় বসে নিজেদের জায়গা ধরে রাখতে হত প্রতিযোগীদের। বাড়ির অন্য সদস্যরা নানা ভাবে বিরক্ত করার চেষ্টা করলেও রিকশা থেকে কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার নিয়ম ছিল না। অভিযোগ, টাস্কের মাঝে সৌরভকে আশ্বস্ত করলেও শেষ মুহূর্তে সৌরভ একটু নীচের দিকে ঝুঁকতেই তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন জিতু। রিকশার ছাউনিতে ধাক্কা লেগে নীচে পড়ে গিয়ে হাতে চোট পান সৌরভ।

ঘটনার পর প্রথমে ক্ষোভ ও হতাশা প্রকাশ করলেও দ্রুত নিজেকে সামলে নেন সৌরভ এবং জিতুর সঙ্গে হাত মেলান। তাঁর এই সংযম ও খেলোয়াড়সুলভ মানসিকতাকে সাধুবাদ জানিয়েছেন দর্শকদের অনেকে। তাঁদের মতে, জয়-পরাজয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সৌরভের ব্যবহার।

স্বামীর পাশে দাঁড়িয়ে সমাজমাধ্যমে জিতুর আচরণকে ‘অপরিণত’ ও ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন দর্শনা বণিক। সৌরভকে উদ্দেশ করে তিনি লিখেছেন, “সৌরভ, তুমি আমার (আমাদের) জন্য জিতে গিয়েছ।” টাস্কের ফলাফলের চেয়ে স্বামীর মানসিকতাকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।

বিগ বসের ঘরের ভেতরেও এই ঘটনা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। রনিতা দাস ও নিরঞ্জন মণ্ডল বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও কয়েক জন প্রতিযোগী জিতুর পাশে দাঁড়িয়েছেন। তাঁদের যুক্তি, প্রতিযোগিতায় কৌশলও খেলার অংশ। পাশাপাশি জিতুর দলের তরফে সমাজমাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরেও নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *