সলমন নন, প্রথম ‘বিগ বস’-এ সঞ্চালকই ছিলেন না! শাহরুখ-করণকে নিয়ে বিস্ফোরক তথ্য

দেশের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’। হিন্দি ছাড়াও বাংলা সহ একাধিক ভাষায় সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। বর্তমানে হিন্দি ‘বিগ বস’-এর ২০তম সিজন চলছে এবং সঞ্চালকের ভূমিকায় রয়েছেন সলমন খান। এর মাঝেই ‘বিগ বস’-এর শুরুর দিকের অজানা তথ্য প্রকাশ্যে আনলেন শোয়ের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা ট্যালেন্ট ম্যানেজার আনন্দ চাভান।
একটি পডকাস্টে আনন্দ জানান, প্রথম সিজনের সময় তাঁরা প্রতিযোগীদের তালিকায় বলিউডের প্রথম সারির তারকাদের রাখতে চেয়েছিলেন। তাঁর দাবি, সেই তালিকায় শাহরুখ খান ও করণ জোহরের নামও ছিল এবং তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। আনন্দ বলেন, “বিগ বস-এর প্রথম সিজনের জন্য আমরা বলিউডের একাধিক প্রথম সারির অভিনেতা, অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলাম। এমনকী শাহরুখ খান, করণ জোহরকেও অ্যাপ্রোচ করা হয়েছিল।”
শুরুর ফরম্যাট প্রসঙ্গে তিনি জানান, তখন সঞ্চালক হিসেবে কাউকে চূড়ান্ত করা হয়নি, এমনকী মূল ফরম্যাটে সঞ্চালকের থাকার কথাও ছিল না। ফলে পুরো মনোযোগ ছিল প্রতিযোগী বাছাইয়ের দিকেই।
তবে আনন্দ স্পষ্ট করেছেন, প্রথম সারির তারকা বা পরিচালকরা রাজি না হলেও শোয়ের নির্ধারিত লঞ্চ ডেট পিছানো হয়নি। প্রথম সিজনে রাহুল রায়, রাখি সাওয়ান্ত, রূপালি গাঙ্গুলি, অমিত সাধ, রবি কিষাণ প্রমুখ প্রতিযোগী হিসেবে অংশ নেন এবং রাহুল রায় বিজয়ী হন। সেই সিজনে সলমন খান সঞ্চালক ছিলেন না, সঞ্চালনার দায়িত্বে ছিলেন আরশাদ ওয়ার্সি।