ফুরিয়ে আসছে সময়! ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তির ভবিষ্যৎ কী? মুখ খুলল বিদেশ মন্ত্রক

আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে চলেছে ভারত ও বাংলাদেশের ঐতিহাসিক গঙ্গা জলবণ্টন চুক্তির। সময় ফুরিয়ে আসার এই সন্ধিক্ষণে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন, গঙ্গা-সহ সীমান্ত পেরিয়ে যাওয়া সব অভিন্ন নদীর জল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার প্রাতিষ্ঠানিক ও প্রতিষ্ঠিত মাধ্যম হলো ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন। ভারতের স্বার্থ সুরক্ষিত রেখে বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেছেন তিনি।

কূটনৈতিক মহলের মতে, দুই দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের সময়োপযোগী হস্তক্ষেপ না ঘটলে আগামী মাসের মাঝামাঝি সময়েই তিন দশক পুরনো এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি আলোচনা চলাকালীন আপাতত বর্তমান কাঠামোতেই চুক্তিটি অস্থায়ীভাবে চালিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থায় দুই পক্ষ সহমত হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।

এদিকে, বাংলাদেশের জল সম্পদ মন্ত্রীর পাঠানো একটি চিঠিতে জানানো হয়েছে যে ঢাকা ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করেছে। ওই চিঠিতে ভারতীয় প্রতিনিধিদলের সদস্যদের বিষয়েও নয়াদিল্লির কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং ১২ ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত আনুষ্ঠানিক আলোচনা শুরু করবে বলে তারা আশাবাদী।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীর মধ্যে গঙ্গা অন্যতম। এই নদীর জলবণ্টন ঘিরে দীর্ঘদিনের টানাপোড়েন ও মতপার্থক্যের অবসান ঘটেছিল ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে, ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে। মেয়াদ ফুরোনোর প্রাক্কালে এখন দুই দেশের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকেই নজর রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *