ছোট ব্যবসায়ীদের জন্য বড় চমক! নির্দিষ্ট শর্ত পূরণ করলেই অ্যাকাউন্টে ঢুকবে সরকারি ইনসেনটিভ, জানুন বিস্তারিত

ছোট দোকানি ও খুচরো ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটাতে নতুন উদ্যোগ নিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। চালু করা হয়েছে ‘UPI ব্যাপার সক্ষম স্কিম’ (UPI Vyapar Sakhsam Scheme)। গত সপ্তাহে এই প্রকল্প চালুর পর সম্প্রতি বিষয়টি সামনে এসেছে। এর আওতায় যোগ্য ব্যবসায়ীদের পরিকাঠামোগত সহায়তা এবং লেনদেন ভিত্তিক ইনসেনটিভ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

কোন কোন এলাকা ও কারা সুবিধা পাবেন?

মূলত টায়ার-৩ থেকে টায়ার-৬ শহর ও গ্রামীণ এলাকার ছোট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই স্কিম সাজানো হয়েছে। উত্তর-পূর্বের রাজ্যগুলির পাশাপাশি জম্মু-কাশ্মীর এবং লাদাখের দোকানিরাও এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন। তবে এই সুবিধা পেতে হলে নির্ধারিত কিছু শর্ত ও লেনদেনের মানদণ্ড পূরণ করতে হবে।

কী কী সুবিধা ও কত টাকা মিলবে?

গত ১১ নভেম্বর প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ছোট ব্যবসায়ীদের প্রতিটি ফিজিক্যাল কিউআর (QR) কোড বোর্ডের জন্য ৩০০ টাকা এবং প্রতিটি সাউন্ড বক্স বসানোর জন্য ৭৫০ টাকা দেওয়া হবে। এর পাশাপাশি লেনদেন বাড়ানোর ভিত্তিতে আলাদা ইনসেনটিভও পাবেন যোগ্য ব্যবসায়ীরা।

পুরো ইনসেনটিভ কাঠামোটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে। নতুন ব্যবসায়ী যুক্ত করা, লেনদেনের বৃদ্ধি এবং অতিরিক্ত বৃদ্ধির জন্য তহবিল বরাদ্দের অনুপাত রাখা হয়েছে যথাক্রমে ৩০ শতাংশ, ৫০ শতাংশ এবং ২০ শতাংশ।

যোগ্যতার শর্ত ও ইনসেনটিভের হিসেব

কিউআর কোড ও সাউন্ড বক্সের সুবিধা পেতে ব্যবসায়ীদের তিন মাসের মধ্যে অন্তত দুই মাস ন্যূনতম ২৫টি করে বৈধ লেনদেন করতে হবে। সেই সঙ্গে প্রতি মাসে লেনদেনের পরিমাণ অন্তত ৫,০০০ টাকা হতে হবে।

অন্যদিকে, লেনদেন বৃদ্ধির ইনসেনটিভ পেতে হলে ব্যবসায়ীর লেনদেনের পরিমাণ ত্রৈমাসিক ভিত্তিতে কমপক্ষে ৫ শতাংশ হারে বাড়তে হবে। এ ছাড়া আগের ত্রৈমাসিকের তুলনায় যোগ্য লেনদেনের বর্ধিত অংশের ওপর ০.২০ শতাংশ হারে ইনসেনটিভ হিসাব করা হবে। যেমন, কোনো ব্যবসায়ীর আগের তিন মাসে ১০ লাখ টাকা লেনদেন হয়ে থাকলে এবং পরের ত্রৈমাসিকে তা বেড়ে ১২ লাখ টাকা হলে, অতিরিক্ত ২ লাখ টাকার ওপর ০.২০ শতাংশ হারে ইনসেনটিভ পাবেন ওই ব্যবসায়ী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *