‘ছুটি ছুটি করতে করতে শীতঘুমে চলে গিয়েছিল রাজ্য!’ সরকারি ছুটি নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

রাজ্যে সরকারি ছুটির বাড়বাড়ন্ত ও ‘ছুটি সংস্কৃতি’ নিয়ে এর আগেও উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নবান্ন সভাঘর থেকে ফের একবার বিগত তৃণমূল কংগ্রেস সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুব শীঘ্রই যে রাজ্য সরকারের ছুটির তালিকায় বড়সড় কাটছাঁট করা হচ্ছে, এদিনের বক্তব্যে তা আরও একবার জোরালোভাবে স্পষ্ট করে দিলেন তিনি।

ছুটির বাড়বাড়ন্ত নিয়ে তীব্র কটাক্ষ এদিন নবান্ন সভাঘরে পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ট্রান্সফারের ঘোষণা করতে গিয়ে রাজ্যের ছুটি সংস্কৃতিকে তীব্র ভাষায় কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। ছুটির দীর্ঘ তালিকা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, “আজ অফিস খোলার প্রথম দিন। দীর্ঘ দিন ধরে ছুটি ছিল। প্রায় ১৫ তারিখ ছুটি পড়েছিল, মাঝখানে দু’একদিন অফিস হলেও, আবার দীপাবলি, ভাতৃ দ্বিতীয়া সহ একটি লম্বা ছুটির পরে একদিনের কর্মদিবসের সুযোগ আমরা পেয়েছি। কাল থেকে আবার ১৬ তারিখ অবধি ৩ দিন ছুটি। আমাদের এই রাজ্য তো, ছুটি ছুটি করতে করতে ছুটির রাজ্যে চলে গিয়েছিল। শীতঘুমে চলে গিয়েছিল।”

তৎকালীন সরকারের সমালোচনা করে তিনি আরও যোগ করেন, আগের সরকার ডিএ বা পে কমিশন না দিয়ে কর্মীদের খুশি রাখতে ছুটির পরিমাণ বাড়িয়ে দিয়েছিল, যাতে কাজের চাপ বা ফাইলের জট কমে যায়।

ছুটির তালিকায় রাশ টানার জোরালো ইঙ্গিত বস্তুত, গত সপ্তাহেই রাজ্য সরকারি ছুটি কমানোর জন্য অর্থ সচিবকে স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বর্তমান নিয়মে রাজ্য সরকারি কর্মীরা বিভিন্ন দিবস মিলিয়ে বছরে প্রায় ৫০ দিন ছুটি পান। সেই সংখ্যাটি কমিয়ে ৪০ দিনে নামিয়ে আনতে চান তিনি।

এদিন মুখ্যমন্ত্রী জানান, অর্থ সচিব তাঁকে ৪৫ দিনের একটি ছুটির তালিকা তৈরি করে দিয়েছিলেন, কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন তা আরও কমিয়ে ৪০ দিনে নামিয়ে আনতে। উল্লেখ্য, বিগত সরকারের আমলে জামাইষষ্ঠীতে হাফ ছুটি সহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় অনুষ্ঠান এবং বিভিন্ন মনীষীদের জন্মদিনে ছুটি ও অর্ধদিবস ছুটির হিড়িক পড়ে গিয়েছিল। পালাবদলের পর বর্তমান সরকার সেই দীর্ঘ ছুটির সংস্কৃতিতে ইতি টেনে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে চাই কঠোর পদক্ষেপের পথে হাঁটছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *