সপ্তাহান্তে ভিড়ভাট্টা থেকে দূরে কোথাও ঘুরে আসতে চান? ঝাড়খণ্ডের এই অফবিট জায়গার খোঁজ জানেন কি?

দেখতে দেখতে শীতকাল দোরগোড়ায় কড়া নাড়ছে। আর এই মনোরম আবহাওয়া শুরু হতেই পর্যটকরা ব্যাগ গুছিয়ে নানান সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা শুরু করে দিয়েছেন। আপনিও যদি উইকেন্ডে বা হাতে মাত্র দু’দিন সময় নিয়ে কোলাহল থেকে দূরে কোথাও শান্ত পরিবেশে ঘুরে আসার কথা ভেবে থাকেন, তবে আপনার পরবর্তী গন্তব্য হতেই পারে ঝাড়খণ্ডের (Jharkhand) একটি অত্যন্ত স্বল্প পরিচিত ও সুন্দর জায়গা—‘পাহাড়ভাঙ্গা’। কীভাবে যাবেন, কীভাবেই বা কাটাবেন ছুটির দিনগুলি—জেনে নিন বিস্তারিত।
পাহাড়, নদী ও বনের অচেনা ঠিকানা ঝাড়খণ্ডের এই পাহাড়ভাঙ্গার প্রকৃত সৌন্দর্য উপভোগ করার জন্য বর্ষার পরের সময়টি সবথেকে আদর্শ। এই সময়ে নদীর জল কিছুটা কম থাকে, যার ফলে চারপাশের এলাকার প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালোভাবে ঘুরে দেখা যায়। নদীর ধারে শান্তভাবে বসে পাখির ডাক আর প্রকৃতির মনোরম শব্দ উপভোগ করার এক অপূর্ব সুযোগ মিলছে এখানে।
পরিবার কিংবা ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গে কোলাহলহীন ছিমছাম পরিবেশে কিছুটা মানসম্মত সময় কাটানোর জন্য এই জায়গাটি এককথায় জুরি মেলা ভার। যারা শহরের চেনা ভিড়ভাট্টা এড়িয়ে একদম নিস্তব্ধ ও মনোরম প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন, তাঁদের জন্য পাহাড়ভাঙ্গা একটি দারুণ পছন্দ হতে পারে। তবে এই জায়গার আকর্ষণ শুধু নদী বা পাহাড়েই সীমাবদ্ধ নয়। বসন্তকালে এখানে এলে প্রকৃতির এক সম্পূর্ণ অন্য এবং বর্ণময় রূপ দেখতে পাওয়া যায়, যা যে কোনো পর্যটকের মন কেড়ে নেবে।
পাহাড়ের বুকে বিখ্যাত গোলপাহাড়ি মন্দির পাহাড়ভাঙ্গায় ঘুরতে এলে এখানকার অন্যতম প্রধান আকর্ষণ হল ঐতিহাসিক ‘গোলপাহাড়ি মন্দির’। পাহাড়ের একেবারে চূড়ায় অবস্থিত এই প্রাচীন মন্দিরটি স্থানীয় মানুষের কাছে অত্যন্ত পবিত্র ও বিশেষ পরিচিত একটি স্থান। মন্দিরে পৌঁছাতে হলে পর্যটকদের প্রায় ২৫০টি সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। স্থানীয় মানুষের বিশ্বাস ও ভক্তি অনুসারে, এই মন্দিরে এসে মন থেকে কোনো মনস্কামনা জানালে তা অবশই পূরণ হয়। তবে পাহাড়ি রাস্তায় মন্দিরে ওঠার সময় সিঁড়ি ভাঙতে কিছুটা শারীরিক পরিশ্রম হতে পারে, তাই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখাই ভালো।
কীভাবে যাবেন এবং কোথায় থাকবেন? ভ্রমণপ্রেমীদের যাতায়াতের সুবিধার জন্য বলছি, দুয়ারসিনি থেকে পাহাড়ভাঙ্গার দূরত্ব মাত্র ২৫ কিলোমিটারের কাছাকাছি। আর শিল্পনগরী জামশেদপুর থেকে এর দূরত্ব মোটে ১৭ কিলোমিটার। আপনি যদি কলকাতা বা অন্য কোনো শহর থেকে যেতে চান, তবে প্রথমে ট্রেন বা বাসে জামশেদপুরে পৌঁছে যেতে পারেন। সেখান থেকে গাড়ি বা ট্যাক্সি ভাড়া করে খুব সহজেই ঝাড়খণ্ডের এই সুন্দর জায়গায় পৌঁছে যাওয়া সম্ভব।
থাকার জায়গার কথা বলতে গেলে, এখানে পর্যটকদের থাকার জন্য বেশ কয়েকটি ভালো হোটেল ও থাকার বন্দোবস্ত রয়েছে। তবে আপনি যদি পরিবার বা প্রিয়জনদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তবে শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে আগে থেকেই হোটেল বুকিং করে যাওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।