‘নোটিস না দিয়েই জাহাঙ্গিরের বাড়ি ভাঙা কেন?’ বুলডোজার চলা নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন!

জেলাশাসকের নির্দেশে ফলতার বিতর্কিত তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন, শুক্রবার দুপুরের পর থেকে আগামী সোমবার দুপুর ২টো পর্যন্ত ওই বাড়ি ভাঙার কাজ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

ঠিক কী কারণে স্থগিতাদেশ? গত বুধবার ভাইফোঁটার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেনারেটর ও ভারী যন্ত্রপাতি নিয়ে জাহাঙ্গিরের বাড়িতে বুলডোজার চালানো শুরু হয়। প্রথমে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী সরিয়ে নেওয়ার পর ভাঙার কাজ শুরু হয়। কিন্তু জাহাঙ্গির খানের পরিবারের অভিযোগ, আইনি নিয়ম বা কোনো রকম পূর্ব নোটিস ছাড়াই তড়িঘড়ি এই ভাঙার কাজ চালানো হচ্ছে। এই অভিযোগ তুলেই আদালতের দ্বারস্থ হন বন্দি তৃণমূল নেতার পরিবার।

শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি শুভ্রা ঘোষ জাহাঙ্গিরের আইনজীবীর কাছে বাড়িটির অনুমোদিত নকশা (Building Plan) ও মালিকানার প্রামাণ্য নথি দেখতে চান। বিচারপতির স্পষ্ট মন্তব্য ছিল, বিল্ডিং প্ল্যান দেখাতে পারলেই এই জটিলতার সমাধান সম্ভব। জবাবে জাহাঙ্গিরের আইনজীবী জানান, জাহাঙ্গির ও তাঁর স্ত্রী দু’জনেই বর্তমানে জেলে রয়েছেন এবং তাঁদের ছেলে ওই বাড়িতে থাকেন না।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের শুনানি চলাকালীন প্রশাসনের নোটিস পাঠানোর পদ্ধতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে ব্যাখ্যা চেয়ে বিচারপতি প্রশ্ন করেন, মালিক জেলবন্দি রয়েছেন তা জানার পরেও তাঁকে বা তাঁর পরিবারের কাউকেই যথাযথভাবে নোটিস ধরানোর কোনো চেষ্টা করা হয়নি কেন? পাশাপাশি, নিয়ম অনুযায়ী বাড়ি ভাঙার সময় স্থানীয় বাসিন্দাদের একাংশকে সাক্ষী হিসেবে উপস্থিত রাখার কথা থাকলেও সেই নিয়ম মানা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলে আদালত।

নকশা চুরির দাবি প্রসঙ্গে বিচারপতির প্রশ্ন, আগে কেন এই বিষয়ে থানায় কোনো নিখোঁজ ডায়েরি বা অভিযোগ দায়ের করা হলো না?

সোমবার মামলার পরবর্তী শুনানি আদালত নির্দেশ দিয়েছে, বাড়ি ভাঙার আগে প্রশাসন যে নোটিস জারি করেছিল, তার সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং আগামী সোমবার দুপুর ২টোয় মামলার পরবর্তী শুনানির দিন আদালতে জমা দিতে হবে। যতদিন না ওই ভিডিও পেশ করা হচ্ছে এবং পরবর্তী শুনানি হচ্ছে, ততদিন জাহাঙ্গিরের বাড়ি ভাঙার কাজে কড়া স্থগিতাদেশ বহাল থাকবে।

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার ফলতার শ্রীরামপুরের বাসিন্দা জাহাঙ্গির খানের বাড়িটি জেলা পরিষদের কোনো অনুমতি ছাড়াই দোতলার বেশি উঁচুতে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে সেই বেআইনি নির্মাণ ভাঙার আইনি অনুমতি পাওয়ার পরেই প্রশাসন বুলডোজার নিয়ে অভিযানে নামে। তবে বর্তমান পরিস্থিতিতে আদালতের এই হস্তক্ষেপে কিছুটা হলেও স্বস্তিতে তৃণমূল নেতার পরিবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *