মধ্যবিত্তের পকেটে বড়সড় কোপ! কাল থেকেই আমূলের দুধের দামে আগুন, লিটার প্রতি বাড়ল কত?

সংসারের বাজেটে বড়সড় কোপ! ১২ নভেম্বর থেকে দেশজুড়ে বাড়ছে আমূলের প্যাকেজজাত দুধের দাম
নয়াদিল্লি: সংসারের দৈনন্দিন খরচের বাজেটে নতুন করে টান ফেলে দেশজুড়ে আবার বাড়তে চলেছে আমূলের (Amul) প্যাকেজজাত দুধের দাম (Milk Price Hike)। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে প্যাকেটের দুধের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে। দুধের প্রকারভেদ অনুযায়ী প্রতি লিটারে দাম বাড়ছে ২ টাকা থেকে ৪ টাকা পর্যন্ত, যা আগামী ১২ নভেম্বর থেকে কার্যকর হবে।
গড়ে ৪ থেকে ৫ শতাংশ মূল্যবৃদ্ধি
সংস্থার তরফ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ১২ নভেম্বর থেকে সারা দেশে আমূলের সব ধরনের তাজা প্যাকেজজাত দুধের ওপর গড়ে আনুমানিক ৪ শতাংশ থেকে ৫ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধি ঘটানো হচ্ছে। আমূল কর্তৃপক্ষের দাবি, বিগত এক বছরে দুগ্ধ উৎপাদন, প্রক্রিয়াকরণ, প্যাকেজিং ফিল্মের খরচ এবং পরিবহনের জন্য ব্যবহৃত জ্বালানি তেলের বিপুল দাম বৃদ্ধির কারণেই এই পদক্ষেপ গ্রহণ করা বাধ্যতামূলক হয়ে পড়েছিল।
পশুখাদ্য ও পরিবেশগত প্রতিকূলতার যুক্তি
মূল্যবৃদ্ধির সপক্ষে যুক্তি তুলে ধরে আমূল জানিয়েছে যে, গত এক বছরে গো-খাদ্যের প্রধান উপাদান যেমন সবুজ ও শুকনো ঘাস, ভুট্টা এবং গুড়ের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি প্রক্রিয়াকরণ ও সরবরাহ ব্যবস্থার খরচ এবং প্যাকেজিং সামগ্রীর মূল্যেও মারাত্মক ঊর্ধ্বগতি দেখা গেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, গুজরাটসহ ভারতের একাধিক অঞ্চলে অসম ও কম বৃষ্টিপাতের কারণে কঠিন পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে দুগ্ধ উৎপাদক ও চাষীদের উপযুক্ত ও লাভজনক মূল্য নিশ্চিত করতে এবং তাঁদের পাশে দাঁড়াতেই ক্রেতাদের জন্য দুধের খুচরা বিক্রয়মূল্য কিছুটা বাড়াতে হয়েছে।
আগে বেড়েছিল ঘি ও মাখনের দাম
উল্লেখ্য, দীপাবলির ঠিক আগেই ঘি ও মাখনের দাম একধাক্কায় অনেকটা বাড়িয়েছিল আমূল। সে সময় ১ কেজির ঘিয়ের কার্টনের দাম ৬৪০ টাকা থেকে বাড়িয়ে ৬৮০ টাকা করা হয়েছিল। ৫০০ গ্রাম পিওর ঘিয়ের পাউচের নতুন দাম হয় ৩৪৫ টাকা। অন্যদিকে, গরুর দুধের ১ লিটারের ঘিয়ের পাউচের দাম ৬৯৫ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ৭৩৫ টাকা। এবার ঘি-মাখনের পর প্রতিদিনের অতিপ্রয়োজনীয় প্যাকেটের দুধের দাম বাড়ায় আমজনতার পকেটে যে বড় প্রভাব পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।