“বিশ্বকবির মুখে কালো কালি!”-খুলনায় কে বা কারা করল এই জঘন্য কাণ্ড? তুঙ্গে ক্ষোভ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরকে কেন্দ্র করে সেজে উঠেছে সমগ্র খুলনা শহর। শহরের সৌন্দর্য্যায়নের অংশ হিসেবে বিভিন্ন দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছিল দেশের বরেণ্য ব্যক্তিবর্গের প্রতিকৃতি ও গ্রাফিতি। কিন্তু এর মাঝেই ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। দেওয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপে দেওয়ার গুরুতর অভিযোগ উঠল। শুধু তাই নয়, ওই গ্রাফিতির আশেপাশে রবীন্দ্র-বিরোধী কিছু পোস্টারও সাঁটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

স্থানীয়দের তীব্র ক্ষোভ শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে খুলনার শিববাড়ি মোড় সংলগ্ন স্টেশন এলাকায়। কবিগুরুর মুখের অবয়বে কালো কালি লেপে দেওয়ার এই ন্যক্কারজনক ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও বুদ্ধিজীবী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে যখন শহরজুড়ে সৌন্দর্যায়নের কাজ চলছে, ঠিক সেই সময় এমন একটি ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে বা যারা বিশ্বকবির মুখচ্ছবিতে কালি লাগিয়ে তাঁকে অবমাননা করেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মুক্তচিন্তা, সাহিত্য ও বাঙালি সংস্কৃতির ওপর এটি একটি পরিকল্পিত বিদ্বেষমূলক আক্রমণ বলে দাবি করে এর তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশের পদক্ষেপ ঘটনার খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে নড়েচড়ে বসে প্রশাসন। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ লোকমান হোসেন জানিয়েছেন, খবর পাওয়ার পরেই তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত স্থানীয় কোনো নাগরিক বা সংগঠনের পক্ষ থেকে এ বিষয়ে থানায় কোনো লিখিত বা মৌখিক অভিযোগ দায়ের করা হয়নি। তবে ঘটনার গুরুত্ব বুঝে পুলিশের পক্ষ থেকেই স্বতঃপ্রণোদিত হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (GD) করা হয়েছে। ইতিমধ্যেই অপরাধীদের শনাক্ত করতে জোরদার অনুসন্ধান ও তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *