“অভিষেকের অ্যালোপ্যাথি ওষুধ দরকার!” জন্মদিনের রাতে তুমুল অশান্তির পর কড়া হুঁশিয়ারি অর্জুন সিংয়ের

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিনের মধ্যরাতে তাঁর বাড়ির সামনে চরম উত্তেজনা ও বচসার ঘটনায় রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল পড়েছে। এই নজিরবিহীন অশান্তির পর এবার অভিষেককে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া “ওষুধ” দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।
জন্মদিনের রাতেই উত্তপ্ত হরিশ চ্যাটার্জি স্ট্রিট
ঘটনা সূত্রপাত শুক্রবার মধ্যরাতে। অভিষেকের জন্মদিন উপলক্ষে যখন তাঁর বাড়ির নিচে তৃণমূল কর্মী-সমর্থকরা শুভেচ্ছা জানাতে ভিড় করেছিলেন, ঠিক তখনই উল্টো দিক থেকে কিছু মানুষ আচমকাই ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও তৃণমূল কর্মীদের মধ্যে চরম বচসা এবং তুমুল অশান্তি তৈরি হয়। অভিযোগ, এই ঘটনার প্রতিবাদে রাত দু’টো থেকে ভোর সাড়ে ছ’টা পর্যন্ত বাড়ির বাইরে রাস্তায় বসে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই।
“হোমিওপ্যাথিতে হবে না, অ্যালোপ্যাথি দিতে হবে” — বিস্ফোরক অর্জুন
এই সম্পূর্ণ ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে সুর চরম চড়ান অর্জুন সিং। তিনি কড়া ভাষায় বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ওষুধের দরকার আছে, সেটা দেওয়া হচ্ছে না। যদি ওই ওষুধ দিয়ে দেওয়া হয়, তাহলে সব চোখ রাঙানি বেরিয়ে যাবে। আমার মনে হচ্ছে, আমাদের পার্টি কর্মীদের ওই ওষুধ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া উচিত।”
সাংবাদিকরা কোন “ওষুধ”-এর কথা বলছেন তা জানতে চাইলে অর্জুন সিং হাসিমুখে কিন্তু কড়া সুরে জানান, “ওষুধ অনেক রকম হয়—হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি। ওকে অ্যালোপ্যাথি দিতে হবে, হোমিওপ্যাথিতে আর কাজ হবে না।”
“কে ও হরিদাস পাল?”— সরাসরি তোপ অর্জুনের
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাতের ধরণা ও রাজনৈতিক অবস্থানকে কটাক্ষ করে অর্জুন সিং আরও যোগ করেন, “ও নিজেকে মিডিয়ায় রাখার জন্য এই সব নাটক করছে। রোজ রোজ একই চেষ্টা চালিয়ে যাচ্ছে। হয় ওকে এড়িয়ে চলা উচিত, না হলে সঠিক ওষুধ দেওয়া উচিত। রোজ রোজ আঙুল তুলে কথা বলবে, ধমকাবে-চমকাবে… কে ও হরিদাস পাল যে ওর চমকানি সহ্য করতে হবে?”
তিনি আরও অভিযোগ করে বলেন, “এই লোকটা বাংলার বহু মানুষের ক্ষতি করেছে। ৩৩১ জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে, কিষাণজিকেও খুন করা হয়েছে। সেই লোকটা আজ চোখ রাঙাচ্ছে? এবার ওকে সঠিক জবাব দেওয়ার সময় এসে গিয়েছে।”
অভিষেকের বাড়ির সামনে রাতের চরম বিশৃঙ্খলা এবং তার জবাবে অর্জুন সিংয়ের এই “অ্যালোপ্যাথি ওষুধ”-এর কড়া হুমকির পর রাজনৈতিক পারদ এক ধাক্কায় অনেকটাই চড়ে গেল।