রাইড বুক করেও মেটাচ্ছেন এক্সট্রা ক্যাশ? চেন্নাই বিমানবন্দরে ক্যাব ড্রাইভারদের ওপর বসছে ব্ল্যাকলিস্টের খাঁড়া!

চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর অ্যাপ ক্যাব বুক করছেন, আর চালক এসে অ্যাপের নির্দিষ্ট ভাড়া অগ্রাহ্য করে মনগড়া বাড়তি টাকা বা রাইড ক্যানসেল করার হুমকি দিচ্ছে? এই ধরণের হেনস্থা রুখতে এবার কোমর বেঁধে ময়দানে নামল এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI)। বুকিং নিশ্চিত হওয়ার পরেও যাত্রীদের থেকে অতিরিক্ত টাকা দাবি ও রাইড বাতিলের মতো একাধিক অভিযোগের ভিত্তিতে কড়া অ্যাডভাইজরি এবং নির্দেশিকা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের সাফ বার্তা— এই ধরণের বেআইনি কর্মকাণ্ডে জড়িত চালকদের অবিলম্বে কালো তালিকাভুক্ত (Blacklist) করা হবে এবং চিরতরে চেন্নাই বিমানবন্দরে তাদের গাড়ি প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হবে।
কেন এই কড়া ব্যবস্থা?
সম্প্রতি একাধিক বিমানযাত্রী সোশ্যাল মিডিয়া ও লিখিত অভিযোগে জানান যে, চেন্নাই বিমানবন্দরে ওলা, উবার বা র্যাপিডোর মতো অ্যাপ-ভিত্তিক ক্যাব চালকরা অ্যাপের দেখানো নির্দিষ্ট ভাড়ায় যেতে অস্বীকার করছেন। ‘দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর রিপোর্ট অনুযায়ী, মার্টিন লুইস নামে এক যাত্রী জানান যে, তাঁর গন্তব্য মুগালিভাক্কামের জন্য অ্যাপে ভাড়া দেখাচ্ছিল ৪৫০ টাকা, কিন্তু চালক সরাসরি ৭৫০ টাকা দাবি করেন। ফলে বাধ্য হয়ে দীর্ঘ ৪৫ মিনিট অপেক্ষার পর বিমানবন্দর চত্বর ছেড়ে অটোরিকশা খুঁজতে বের হতে হয় তাঁকে।
এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া জানায়, এই ধরণের অসাধু চালকদের আচরণের কারণে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের অহেতুক চরম ভোগান্তি ও সময়ের অপচয় হচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
চালকদের বিরূদ্ধে অভিযোগ জানানোর সহজ উপায়
যদি কোনো চালক বুকিং ক্যানসেল করেন বা বাড়তি টাকা দাবি করেন, তবে যাত্রীরা সরাসরি নিচের পদক্ষেপগুলি গ্রহণ করতে পারেন:
১. স্পট কাউন্টার: বিমানবন্দরের ‘ক্যাব পিক-আপ প্লাজা’ অথবা ‘ওয়েস্ট মাল্টি-লেভেল কার পার্কিং’ (MLCP)-এ থাকা সংশ্লিষ্ট ক্যাব সংস্থার কাউন্টারে গিয়ে সাথে সাথে অভিযোগ জানান।
২. অফিশিয়াল সাপোর্ট: ক্যাব সংস্থার অফিশিয়াল কাস্টমার কেয়ার বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিযোগ দায়ের করুন।
৩. বিমানবন্দর হেল্পলাইন: যদি ক্যাব সংস্থা সমাধান না করে, তবে সরাসরি চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষের ০৪৪-২২৫৬০৫৫১ বা ০৪৪-২২৫৬০৫১২ নম্বরে ফোন করুন।
৪. ইমেল মারফত: এছাড়াও আপনার লিখিত অভিযোগ সংক্রান্ত মেল পাঠাতে পারেন pgo_chennai@aai.aero অথবা apdchennai@aai.aero ইমেল ঠিকানায়।
(বিশেষ দ্রষ্টব্য: অভিযোগ জানানোর সময় আপনার রাইডের বুকিং ডিটেইলস, গাড়ির নম্বর, ড্রাইভারের তথ্য এবং অ্যাপে দেখানো ভাড়ার স্ক্রিনশট অবশ্যই সাথে রাখুন।)
হেল্পলাইন নম্বরসমূহ
যাত্রীদের সুবিধার্থে সমস্ত প্রধান ক্যাব অপারেটরদের সরাসরি যোগাযোগের নম্বর প্রকাশ করেছে AAI:
Uber: ৯৯৪০৭৪৬৯৯৩
Ola: ৭৯০৪৫৪৮৩০৫
Rapido: ৯৬২৯৫৫৩৪৩১
Fast Track: ৮০৯OD৭৩৫৮৫২
Prepaid Taxi: ৯৯৪১৮২৮২২২
WTI Cabs (Terminal 1): ৯২৬৬১৫৯৩৫৫
WTI Cabs (Terminal 2): ৯২৬৬১৫৯৩৫৬
WTI Cabs (Terminal 4): ৯১৫৯OD৯৯২৫
(পার্কিং সংক্রান্ত সমস্যার জন্য: ৬৩৭৯৪২৮৫৩৯)
আইন লঙ্ঘনকারী চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিশ্চিত করতে সংশ্লিষ্ট ক্যাব সংস্থাগুলিকে ইতিমধ্যেই আইনি প্রক্রিয়ার রূপরেখা পাঠিয়ে দেওয়া হয়েছে।