ভোটার তালিকা থেকে নাম গায়েব? নাম তুলতে FORM 6 ফিলআপ করুন, জানাল কমিশন

স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকেই সাধারণ নাগরিকদের মনে দানা বেঁধেছিল বড় আইনি আতঙ্ক। আগে নাম থাকা সত্ত্বেও নতুন করে ‘ফর্ম ৬’ (Form 6) জমা দিলে তা ‘মিথ্যা ঘোষণা’ হিসেবে গণ্য হবে কি না এবং তার জেরে ফৌজদারি বা আইনি পদক্ষেপ হবে কি না—এই আশঙ্কায় ভুগছিলেন অনেকে। তবে সমস্ত জল্পনা ও ভীতি দূর করে মঙ্গলবার এক স্পষ্ট নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।

কমিশনের সাফ বার্তা, খসড়া ভোটার তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা নির্ভয়ে নতুন করে নাম তোলার জন্য ফর্ম ৬ জমা দিতে পারবেন। এর জন্য সংশ্লিষ্ট ভোটারের বিরুদ্ধে কোনও রকম আইনি বা ফৌজদারি পদক্ষেপ করা হবে না।

কেন তৈরি হয়েছিল এই বিভ্রান্তি?

দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) কাছে পাঠানো নির্দেশিকায় কমিশন জানিয়েছে, ফর্ম ৬-এ একটি নির্দিষ্ট ঘোষণা করতে হয় যে আবেদনকারী প্রথমবারের জন্য ভোটার তালিকায় নাম তোলার আবেদন করছেন।

এই শর্তের জন্যই আগে ভোটার থাকা সত্ত্বেও খসড়া তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিরা নতুন ফর্ম জমা দিতে ভয় পাচ্ছিলেন। তাঁদের আশঙ্কা ছিল, পুরানো নাম থাকা সত্ত্বেও এই ফর্মে সই করলে তা মিথ্যা ঘোষণা হিসেবে ধর্তব্যের মধ্যে আসবে এবং জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী আইনি ঝামেলায় পড়তে হতে পারে।

কমিশনের বড় যুক্তি ও শর্ত

নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য, ফর্ম ৬ জমা দেওয়ার মূল উদ্দেশ্য হল এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা। শুধু আগে নাম ছিল বলেই এই আবেদনকে ভুল বলা যাবে না। দিল্লি হাইকোর্টের ‘নিললোৎপল দত্ত বনাম অন্যান্য’ মামলার উদাহরণ টেনে কমিশন জানিয়েছে, এই আইনি আশঙ্কা সম্পূর্ণ ভিত্তিহীন।

তবে কিছু নির্দিষ্ট শর্তও রয়েছে:

  • সংশ্লিষ্ট ভোটারের নাম অন্য কোনও লোকসভা বা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় আগে থেকে নথিভুক্ত থাকা চলবে না।

  • আবেদনপত্রে অন্যান্য ঘোষণাগুলি আইন মেনেই করতে হবে।

কমিশনের ব্যাখ্যায় অসন্তুষ্ট কংগ্রেস

নির্বাচন কমিশনের এই স্পষ্টীকরণকে তীব্র ভাষায় আক্রমণ করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স হ্যান্ডলে (পূর্বে টুইটার) তীব্র প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, কমিশনের এই ব্যাখ্যা আসলে একধরনের ‘ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা’ (Damage Control) এবং শব্দের মারপ্যাঁচ।

কংগ্রেসের অভিযোগ, এসআইআর প্রক্রিয়াটি নিজেই অত্যন্ত ত্রুটিপূর্ণভাবে তৈরি করা হয়েছে, যার ফলে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ভোটারদের প্রথমে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে এখন সুরক্ষার কথা বলা হচ্ছে বলে তোপ দেগেছে হাত শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *