“২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে মোদীজি!” মোদীকে রাহুলের খোঁচা, জবাবে সংসদের বিশেষ অধিবেশন ডাকার ধামাকা উত্তর শাহের!

মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধী শিবিরের সুর যত চড়ছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনীতি। বিরোধী দলগুলির আয়োজিত ‘মক পার্লামেন্ট’ এবং সেখানে সিইসি-র বিরুদ্ধে তোলা ‘গণ ইমপিচমেন্ট’-এর প্রস্তাবকে কেন্দ্র করে এবার সরাসরি ময়দানে নামলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন— একটি ‘নকল সংসদ’ বানিয়ে বিরোধী দলগুলি সস্তা নাটক করছে। একই সঙ্গে এই ইস্যুতে আলোচনার জন্য প্রয়োজনে সংসদের বিশেষ অধিবেশন ডাকতেও কেন্দ্রীয় সরকার প্রস্তুত বলে সাফ জানিয়ে দেন তিনি।
“কংগ্রেস বরাবরই অসাংবিধানিক সরকারকে সমর্থন করেছে”— শাহ
কংগ্রেসের ভূমিকার কড়া সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “কংগ্রেসের ইতিহাসই হলো বরাবর অসাংবিধানিক সরকার এবং সমান্তরাল সংসদকে সমর্থন জানানো। একটি ভুয়ো সংসদ তৈরি করে বিতর্কের নামে এই প্রহসন চালিয়ে তারা দেশের পবিত্র সংসদকেই জনগণের কাছে হাস্যকর করে তুলছে। আমি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে স্পষ্ট বলতে চাই, নরেন্দ্র মোদীর সরকার দেশের যে কোনো বিষয়ে আলোচনা করতে বিন্দুমাত্র ভয় পায় না।”
সংসদের অধিবেশন ভণ্ডুল করার অভিযোগ তুলে বিরোধীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমরা এই বিশেষ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকতেও প্রস্তুত। কিন্তু আপনারা লাগাতার সংসদকে অচল করে পঙ্গু বানিয়ে রেখেছেন। সংসদকে এভাবে পণবন্দি না বানিয়ে কাজ করতে দিন এবং নিয়মমাফিক বিতর্ক হতে দিন। তার পরেই দেশের কোটি কোটি মানুষ বিচার করবেন কে সত্যি বলছেন আর কে মিথ্যা।”
উল্লেখ্য, এর আগের দিনও রাহুলের বিদেশ ভ্রমণ নিয়ে কটাক্ষ ছুরেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছিলেন— বছরে মাত্র তিন-চার মাস ভারতে থেকে বাকি সময় বিদেশে কাটিয়ে দিলে আর যাই হোক নির্বাচনে জেতার আশা করা যায় না। রাহুলের উচিত দেশে থেকে সাধারণ মানুষের সমস্যা নিয়ে কাজ করা।
‘২৪ ঘণ্টা গড়িয়ে গেল!’ মোদীকে বিতর্কের চ্যালেঞ্জ রাহুলের
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর আক্রমণের জবাবে পিছিয়ে থাকেনি বিরোধী শিবিরও। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একটি বিশেষ ভিডিয়ো বার্তা প্রকাশ করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোলা চ্যালেঞ্জ জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে সেই বার্তা দিয়ে রাহুল বলেন, “২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে প্রধানমন্ত্রী মোদীজি, অথচ আপনার দিক থেকে কোনো উত্তর এলো না। আমি আপনাকে সরাসরি মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানিয়েছিলাম। আপনারা মাঝেমধ্যেই বিরোধীদের ‘দেশবিরোধী’ বলে তোপ দাগেন। যদি সত্যিই তাই মনে করেন, তবে যে কোনো প্রকাশ্য মঞ্চে, যে কোনো জায়গায় আমার সঙ্গে সরাসরি বিতর্কে বসুন!”