“আগের সরকার ৬০টি প্রকল্প আটকে রেখেছিল!” সাঁতরাগাছির মঞ্চ থেকে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, ভূয়সী প্রশংসা রেলমন্ত্রীর!

পুণ্যভূমি গঙ্গাসাগরকে এবার সরাসরি দেশের রেল মানচিত্রে যুক্ত করার উদ্যোগ! গঙ্গাসাগর পর্যন্ত ট্রেন পরিষেবা চালুর জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে বড় আর্জি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার সাঁতরাগাছিতে আয়োজিত রেলের একটি বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়েই পুণ্যার্থীদের কথা মাথায় রেখে গঙ্গাসাগরে রেললাইন চালুর জন্য রেলমন্ত্রীর কাছে সরাসরি অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।
‘সেতু হোক বা টানেল, গঙ্গাসাগরে ট্রেন চাই-ই’: অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রেলমন্ত্রীর উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন:
“গঙ্গাসাগর পর্যন্ত রেল লাইন চাই, এটা রেলমন্ত্রীর কাছে আমার বিশেষ অনুরোধ। প্রয়োজনে টানেল করা হোক অথবা সেতু তৈরি করে গঙ্গাসাগর পর্যন্ত রেললাইন পৌঁছে দেওয়া হোক। কথায় বলে ‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’। আমরা সেতু নির্মাণ করছি, আপনারা এবার গঙ্গাসাগরকে ভারতীয় রেলের মানচিত্রে নিয়ে আসুন।”
রেল প্রকল্পে জট কাটানোর খতিয়ান ও অতীত সরকারকে তোপ: এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যে আটকে থাকা একাধিক রেল প্রকল্পের জট ছাড়ানো নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। আগের রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তিনি জানান, অতীতে প্রায় ৬০টি গুরুত্বপূর্ণ রেল প্রকল্প আটকে রাখা হয়েছিল। তিনি বলেন, “আগের সরকার রেলের কাজ আটকে রেখেছিল। শুধু চিংড়িহাটা নয়, প্রায় ৬০টি রেল প্রকল্প আটকে রাখা হয়। আমরা মাত্র ১৭ দিনের মধ্যে চিংড়িহাটা সমস্যার সমাধান করেছি। পাশাপাশি আটকে থাকা ৫০০টি ফুট ওভার ব্রিজ ও আরঅওবি-র (ROB) ছাড়পত্র দেওয়া হয়েছে, যা কেন্দ্রীয় সরকারের অর্থায়নে তৈরি হবে।”
অন্যদেকা, রাজ্যে রেল প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজ্য সরকারের সহযোগিতার ভূয়সী প্রশংসা শোনা গেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের গলায়। দুই পক্ষের এই সদর্থক পদক্ষেপে গঙ্গাসাগরে রেলে পৌঁছানোর স্বপ্ন সত্যি হওয়ার আশা দেখছেন আমজনতা।