. “তৃণমূল জমানায় সিন্ডিকেটের ভয়ে রাজ্যে আসিনি!” নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেই বিস্ফোরক শিল্পপতি অনিল আগরওয়াল

রাজ্যে ফের এক বড়সড় শিল্প বিনিয়োগের সুবাতাস! বুধবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাতে মিলিত হন দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি তথা বেদান্ত গ্রুপের চেয়ারম্যান অনিল আগরওয়াল। বৈঠক শেষে নবান্ন সভাঘরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী নিজেই এই আলোচনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরেন। আসানসোলে একটি বিশাল শিল্প ইউনিট গড়ে তোলার সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে শিল্পপতি রাজ্যে এসেছেন বলে তিনি জানান। এই প্রকল্পের হাত ধরে স্থানীয় স্তরে এক ধাক্কায় অন্তত ১০ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে প্রাথমিক আশ্বাস মিলেছে।

“গাছে কাঁঠাল গোঁফে তেল নীতিতে বিশ্বাসী নই”

পূর্বতন সরকারের শিল্পনীতির তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন যে, তিনি ফাঁকা আশ্বাসে বিশ্বাস করেন না। অনিল আগরওয়ালের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “উনি এসেছিলেন এবং স্পেসিফিক প্রপোজাল দিয়েছেন যে আসানসোলে একটা ইউনিট লাগাতে চান। ডিটেলস না পেলে ওই আগের মুখ্যমন্ত্রীর মতো ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’ দেওয়ার নীতিতে বর্তমান সরকার বিশ্বাস করে না। ওঁর সঙ্গে আমার খুব ভালো মিটিং হয়েছে, উনি পশ্চিমবঙ্গে কাজ করতে ভীষণভাবে আগ্রহী।”

“তৃণমূলের জমানায় তোলাবাজি ও সিন্ডিকেটের ভয়ে রাজ্যে বিনিয়োগ হয়নি”

অতীতে কেন রাজ্যে বড় শিল্প বিনিয়োগ আসেনি, সেই প্রসঙ্গে শিল্পপতি অনিল আগরওয়ালের উদ্ধৃতি দিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, অনিল আগরওয়াল তাঁকে স্পষ্ট বলেছেন যে তাঁর দেশের সাতটি রাজ্যে বিনিয়োগ রয়েছে, কিন্তু অতীতে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার থাকার কারণেই তিনি এখানে বিনিয়োগ করেননি।

মুখ্যমন্ত্রীর কথায়, “তোলাবাজি, সিন্ডিকেট, কাটমানি, তুষ্টিকরণ ও বিশৃঙ্খলার পরিবেশের জন্যই উনি এ রাজ্যে আসেননি। উনি আমাকে নিজেই বললেন যে, ‘আমি সাতটা রাজ্যে ইনভেস্ট করেছি, সাতটাই বিজেপি রুল। বিজেপি শাসিত রাজ্যে ইন্ডাস্ট্রি এবং বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকে, এখানেও আপনারা ধীরে ধীরে সেটা তৈরি করেছেন, তাই আমি এবার এখানে ইনভেস্টমেন্ট করব’।”

বিনিয়োগের আর্থিক অঙ্কের চেয়ে প্রকল্পের বাস্তবানুগ রূপরেখা জানাকেই বেশি অগ্রাধিকার দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। শিল্পপতির জমি ইতিমধ্যেই হাতে রয়েছে এবং ডিপিআর (DPR) তৈরি হলে রাজ্য সরকারের তরফ থেকে দ্রুত সমস্ত আইনি ছাড়পত্র দিয়ে কাজ শুরু করার ব্যবস্থা করা হবে।

এক লাফে প্রায় ১২০০ নতুন সরকারি পদের ঘোষণা

শিল্পের পাশাপাশি রাজ্যের বেকার যুবকদের জন্য চাকরির বড় উপহার ঘোষণা করেছে রাজ্য মন্ত্রিসভা। এদিনের ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, এর আগের কয়েকটি ক্যাবিনেটে প্রায় ৪৫ হাজার নতুন পদ তৈরি করা হয়েছিল। বুধবারের বৈঠকে আরও নতুন পদের অনুমোদন দেওয়া হয়েছে।

এআরডি (ARD), আর্বান ডেভেলপমেন্ট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, দমকল এবং নারী ও শিশু কল্যাণ দফতর মিলিয়ে মোট ১১৯৯টি (প্রায় ১২০০) নতুন সরকারি পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বচ্ছ নিয়োগের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে, রাজ্য সরকারের বিভিন্ন ক্যাবিনেট মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৬০ হাজার নতুন নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এই সমস্ত শূন্যপদে স্কুল সার্ভিস কমিশন (SSC), পাবলিক সার্ভিস কমিশন (PSC) এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমেই সম্পূর্ণ মেধার ভিত্তিতে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *