ব্যাঙ্কশাল কোর্টে ধুন্ধুমার! আইনজীবীদের ওপর হামলা ও ডিম ছোঁড়ার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা কুশল পাণ্ডে

কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ করল পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা কুশল পাণ্ডেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আদালত চত্বরে আইনজীবীদের লক্ষ্য করে ডিম ছোঁড়া এবং মারধরের অভিযোগ উঠেছিল। এই গ্রেফতারির পরেই আইনজীবীরা তাঁদের পূর্বঘোষিত লালবাজার অভিযান সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছেন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন।
ব্যাঙ্কশাল কোর্ট ও বারুইপুর কাণ্ড নিয়ে হাইকোর্টের উদ্বেগ
ব্যাঙ্কশাল এবং চন্দননগর আদালতে আইনজীবীদের চলমান কর্মবিরতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কর্মবিরতি দ্রুত তুলে নিতে বার কাউন্সিলকে দুই আদালতের আইনজীবীদের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, বারুইপুর আদালতে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের ঘটনায় হাইকোর্ট ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে।
ঘটনার সূত্রপাত, সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ইউটিউবার দীপক ব্যাপারীকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিক্ষোভকারীরা ডিম ছোঁড়েন। ডিম নিক্ষেপের প্রতিবাদ করায় বিক্ষোভকারীরা কয়েকজন আইনজীবীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। মূল অভিযুক্ত কুশল পাণ্ডেকে গ্রেফতারের দাবিতে ব্যাঙ্কশাল আদালতের আইনজীবীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ও লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন। তবে কুশল গ্রেফতার হওয়ার পর ব্যাঙ্কশাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজা সেনগুপ্ত জানান যে লালবাজার অভিযান আপাতত স্থগিত রাখা হচ্ছে। পাশাপাশি গড়বেতায় হাইকোর্টের আইনজীবী শামিম আহমেদের গাড়ি ভাঙচুরের বিষয়টিও আদালতের নজরে আনা হয়েছে।
বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা
এদিকে এই উত্তেজনার মধ্যেই আরও এক চাঞ্চল্যকর ঘটনায় তপ্ত রাজ্যের রাজনীতি। সিপিএম (CPM) নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। নেতার অভিযোগ, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ তাঁর বাড়ি লক্ষ্য করে মদের বোতল ছোঁড়া হয়। হামলায় বাড়ির জানলার কাচ ও সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়। ঘটনার পরই পূর্ব যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সিপিএম নেতা। সবমিলিয়ে আদালতের চত্বরে সংঘাত থেকে বর্ষীয়ান রাজনীতিকের বাড়িতে হামলা—একদিনে একাধিক চাঞ্চল্যকর ঘটনায় রাজ্যজুড়ে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।