এ বার পুজোতেই বাজিমাত! গ্রিন দুর্গাপুজো করলেই বাম্পার আর্থিক পুরস্কার দিচ্ছে রাজ্য, কীভাবে আবেদন করবেন জানুন?

আসন্ন দুর্গাপুজোর আগে রাজ্যের পুজো কমিটিগুলির জন্য এক আকর্ষণীয় ও বড় ঘোষণা করল রাজ্য সরকার। পরিবেশের সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সামাজিক সচেতনতার ওপর বিশেষ জোর দিয়ে এ বার চালু করা হচ্ছে ‘গ্রিন দুর্গাপুজো এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ (Green Durga Puja Excellence Award)। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
কোন কোন বিভাগে মিলবে এই পুরস্কার?
পরিবেশবান্ধব ভাবনার প্রসারে মোট চারটি বিভাগে পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হবে। বিভাগগুলি হলো—
শ্রেষ্ঠ গ্রিন দুর্গাপুজো
শ্রেষ্ঠ পরিচ্ছন্ন ও বর্জ্য স্মার্ট পুজো
শ্রেষ্ঠ সচেতনতা উদ্যোগ
কমিউনিটি এনগেজমেন্ট অ্যাওয়ার্ড
পুরস্কারের পরিমাণ:
রাজ্য স্তরে প্রথম স্থানাধিকারী পুজো কমিটি পাবে ১ লক্ষ টাকা নগদ পুরস্কার। এছাড়া দ্বিতীয় স্থানাধিকারীর জন্য ৮০ হাজার এবং তৃতীয় স্থানাধিকারীর জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। শুধু রাজ্য স্তরই নয়, প্রতিটি জেলা থেকে নির্বাচিত শ্রেষ্ঠ পুজো কমিটিকেও ২৫ হাজার টাকা করে আর্থিক সম্মান জানাবে রাজ্য সরকার।
কীভাবে আবেদন করবেন পুজো কমিটিগুলি?
এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য চালু করা হয়েছে একটি বিশেষ মোবাইল অ্যাপ— ‘গ্রিন দুর্গাপুজো ইভ্যালুয়েশন অ্যাপ’ (Green Durga Puja Evaluation Award App)। এই অ্যাপের মাধ্যমে অনলাইনেই রেজিস্ট্রেশন করতে হবে:
১. প্রথমে স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করে ‘রেজিস্টার অ্যাজ নিউ ইউজার’ বা ‘সাইন আপ’ অপশনে ক্লিক করতে হবে।
২. এর পর ক্লাবের নাম, ঠিকানা, মহকুমা এবং ব্লক বা পুরসভার নাম নির্বাচন করতে হবে।
৩. কমিটির প্রধান কর্মকর্তা বা সম্পাদকের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে সাবমিট করার পর মোবাইলে আসা ওটিপি (OTP) দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে।
৪. ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে মূল্যায়ন ফর্ম পূরণ করতে হবে। সেখানে প্লাস্টিক বর্জন, পরিবেশবান্ধব মণ্ডপ-প্রতিমা এবং বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্ত তথ্য দিতে হবে।
আর্থিক পুরস্কারের পাশাপাশি পুজোমণ্ডপে বিশেষ স্টল তৈরি করে দর্শনার্থীদের মধ্যে চারাগাছ বিতরণের জন্যও পুজো কমিটিগুলিকে উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। পরিবেশ সুরক্ষার এই অভিনব উদ্যোগ রাজ্যের প্রতিটি পুজোকমিটি ও সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।