“যার সাথে তুই শুয়ে থাকিস…”! মাঝরাতে রাজবীরের ব্যক্তিগত জীবন নিয়ে মারাত্মক মন্তব্য অনুষ্কার, আগুনে ঘি নন্দিনীর

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় ‘বিগ বস বাংলা’র আসর দিন দিন আরও জমে উঠেছে। ঘরে টিকে থাকার লড়াইয়ে প্রতিযোগীদের মধ্যকার সমীকরণ বদলাচ্ছে প্রতি মুহূর্তেই। কিন্তু এবার ক্যাপ্টেন্সি টাস্ককে কেন্দ্র করে ঘরে যে চরম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলো, তা একপ্রকার সব সীমা পার করে দিল। রাজবীর দে এবং নবাগত ওয়াইল্ড কার্ড প্রতিযোগী অনুষ্কা ঘোষের তীব্র তরজা শেষ পর্যন্ত ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিকর মন্তব্যে গিয়ে ঠেকেছে।
ঝগড়ার নেপথ্যে কী কারণ?
ঘটনার সূত্রপাত খুব সাধারণ একটি তর্ক থেকে। রাজবীর অনুষ্কার কাছে জানতে চান, ঠিক কখন তিনি অনুষ্কাকে ক্যাপ্টেন বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন? জবাবে অনুষ্কা দাবি করেন, টাস্কের মাঝে সরাসরি না বললেও আগে রাজবীর তাঁকে এই আশ্বাস দিয়েছিলেন।
দুই প্রতিযোগীর তর্কের মাঝে হঠাৎই প্রবেশ করেন মনামী ঘোষ। তিনি রাজবীরকে কটাক্ষ করে বলেন, কেউ এসে তাঁর হাতে রাজকীয়ভাবে ট্রফি তুলে দিয়ে যাবে আর তিনি তা নিয়ে বাড়ি যাবেন—এমনটা ভাবা ভুল। ঠিক তখনই রাজবীরের হয়ে ঢাল হয়ে দাঁড়ান তাঁর প্রেমিকা নন্দিনী দত্ত। সোজা ব্যাটে খেলে নন্দিনী জানান, অন্তত রাজবীর ট্রফি পাওয়ার মতো যোগ্যতা রাখেন, কিন্তু বাকিদের তো সেই যোগ্যটুকুও নেই।
“যার সাথে তুই শুয়ে থাকিস…”: বিস্ফোরক অনুষ্কা
নন্দিনীর এই মন্তব্যের পর রাজবীর অনুষ্কাকে বিদ্রূপ করে বলেন, ঘরের কেউ তাঁকে চায় না বা তাঁর সাথে কথা বলতেও ডাকে না। এই কথায় চরম মেজাজ হারান অনুষ্কা। রাজবীরের ব্যক্তিগত জীবন টেনে এনে সরাসরি কুরুচিকর ভাষায় আক্রমণ করে অনুষ্কা বলে ওঠেন, “এই একই কথা তো তুই যার সাথে শুয়ে থাকিস তাকেও বলেছিস!”
এমন বিতর্কিত ও ব্যক্তিগত মন্তব্যে ঘরজুড়ে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চুপ থাকেননি রাজবীরও। যোগ্য জবাব দিয়ে তিনি বলেন, তিনি যাঁর সাথে থাকেন তাঁর একটি সম্মানজনক নাম আছে এবং তিনি তাঁর প্রেমিকা নন্দিনীকে মন থেকে ভালোবাসেন।
কিন্তু অনুষ্কা থামার পাত্রী ছিলেন না। রাজবীরকে শাপশাপান্ত করে তিনি আরও বলেন, “ভালোই বাসিস! তোর ট্রফিটা গিয়ে ওকে দিয়ে দিস। তুই সারাজীবন একা থাকবি! আমি যখন অসুস্থ হয়েছিলাম, অন্তত ৫-৬ জন এসে আমাকে খাইয়ে দিয়েছিল। তোর বেলায় তো সেটাও কেউ করবে না।”
গত রবিবার ‘দাদার দরবার’-এ কোনো প্রতিযোগী বাদ না পড়লেও, নতুন ওয়াইল্ড কার্ড অনুষ্কা আসার পর থেকেই ঘরে ক্ষোভের আগুন জ্বলছে। রাজবীর ও অনুষ্কার এই তীব্র তিক্ততা এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কাঁদা ছোড়াছুড়ি আগামী দিনে বিগ বসের অন্দরে কী নতুন মোড় আনে, সেদিকেই নজর দর্শকদের।