সেপ্টেম্বরে গাড়ি বিক্রিতে ঐতিহাসিক রেকর্ড! দেশের বাজারে এক লাফে কতটা বাড়ল বিক্রি?

দেশের অটোমোবাইল বাজারে খুচরা বিক্রিতে নতুন ইতিহাস তৈরি হয়েছে। ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন (FADA)-এর তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ভারতে গাড়ি বিক্রি বার্ষিক ভিত্তিতে ৩১.৮২ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বকালীন রেকর্ড গড়েছে। ওই মাসে মোট ২৫,৩৬,৯২০টি গাড়ি বিক্রি হয়েছে। ৬টি প্রধান vehicle ক্যাটাগরির মধ্যে ৫টিই তাদের সর্বকালের সেরা সেপ্টেম্বর মাসের পারফরম্যান্স নথিভুক্ত করেছে। পাশাপাশি, আগস্ট মাসের তুলনায় সামগ্রিক খুচরা বিক্রির পরিমাণও ৪.৬৯ শতাংশ বেড়েছে।
এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে চলতি অর্থবছরের (FY27) প্রথমার্ধে অটোমোবাইল খুচরা বিক্রি রেকর্ড ১,৫৫,১২,৩১৯ ইউনিটে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০.৭৭ শতাংশ বেশি।
কেন সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে ফাদা?
বিশাল অঙ্কের বার্ষিক বৃদ্ধির পরিসংখ্যান সামনে এলেও এই নিয়ে অতিরিক্ত উচ্ছ্বসিত না হয়ে কিছুটা সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ফাদা। সংগঠনের মতে, ২০২৫ সালের সেপ্টেম্বরের বেস ফিগার বা ভিত্তি বছরটি অত্যন্ত দুর্বল ছিল। কারণ গত বছর ২২ সেপ্টেম্বর থেকে ‘জিএসটি ২.০’ (GST 2.0) কার্যকরের আগে বহু গ্রাহক তাঁদের গাড়ি কেনাকাটা স্থগিত রেখেছিলেন। সেই কারণেই চলতি সেপ্টেম্বর মাসের এই বিপুল বৃদ্ধিকে বছরের “সবচেয়ে বেশি বেস-ডিসর্টেড প্রিন্ট” বলে উল্লেখ করেছে ফাদা।
কোন ক্যাটাগরিতে কেমন বিক্রি?
দু চাকা (Two-Wheeler): সেপ্টেম্বরে দু চাকার গাড়ি বিক্রি বার্ষিক ভিত্তিতে ৩৩.০৮ শতাংশ বেড়ে ১৭,৯০,১৮৮ ইউনিটে দাঁড়িয়েছে।
যাত্রী বাহী গাড়ি (Passenger Vehicle): এসইউভি ও প্যাসেঞ্জার কারের বিক্রি ৩২.১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪,২৭,২১৩টিতে পৌঁছেছে।
কমার্শিয়াল ভেহিকেল (Commercial Vehicle): বাণিজ্যিক গাড়ির বিক্রি ৩৭.৬২ শতাংশ লাফিয়ে ১,০৩,৫৫৭টিতে পৌঁছেছে, যা সেপ্টেম্বরে এই প্রথমবার এক লক্ষের গণ্ডি পার করল।
তিন চাকা (Three-Wheeler): তিন চাকার গাড়ি বিক্রি ২২.২৫ শতাংশ বেড়ে ১,৩৫,৫৭০ ইউনিট হয়েছে।
কনস্ট্রাকশন ইক্যুইপমেন্ট: চাকার সাহায্যে চলা নির্মাণ সরঞ্জাম বিক্রি ৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬,৪২৫ ইউনিটে।
একমাত্র ব্যতিক্রম ছিল ট্রাক্টর। মাসিক ভিত্তিতে ট্রাক্টরের বিক্রি ১২.৫৮ শতাংশ কমলেও, বার্ষিক হিসাবে তা ১৩.৭৫ শতাংশ বেড়ে ৭৬,৯০৬ ইউনিটে দাঁড়িয়েছে। মূলত উৎসবের মরশুমের দেরি এবং অসমান বৃষ্টির জন্যই এই সামান্য ঘাটতি দেখা গেছে বলে জানিয়েছে ফাদা।
ইভি (EV) বাজারের রমরমা ও আগামী দিনের পূর্বাভাস
সেপ্টেম্বর মাসে বৈদ্যুতিক গাড়ির (EV) বাজারও শক্তিশালী গতি বজায় রেখেছে। ইভি-র মোট খুচরা বিক্রি সর্বকালীন রেকর্ড গড়ে প্রায় ৩.৩৪ লক্ষে পৌঁছেছে, যার ফলে সমগ্র অটো বাজারে ইভির পেনিট্রেশন রেট প্রায় ১৩ শতাংশ ছুঁয়েছে।
আসন্ন উৎসবের মরশুম নিয়ে ডিলাররা যথেষ্ট আশাবাদী। প্রায় ৭৫.৫৭ শতাংশ ডিলার মনে করছেন অক্টোবর মাসে বিক্রি আরও বাড়বে। নরবরাত্রি ও বিজয়া দশমীকে কেন্দ্র করে মাঝামাঝি সময় থেকেই ক্রেতাদের ভিড় বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে গত বছর জিএসটি পরিবর্তনের জেরে তৈরি হওয়া চড়া বিক্রির বেস ফিগারের কারণে আগামী দিনে বার্ষিক তুলনা কিছুটা কঠিন হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। সামগ্রিকভাবে উৎসবের চাহিদা এবং ইভি গাড়ির ক্রমবর্ধমান জনপ্রিয়তার হাত ধরে দেশের অটোমোবাইল খাতের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক মনোভাবই বজায় রয়েছে।