মুক্তি পাওয়ার আগেই ১০ কোটির রেকর্ড! ‘দৃশ্যম ৩’-এর জন্য অজয় দেবগন সহ বাকি তারকারা কে কত পারিশ্রমিক নিলেন?

সাসপেন্স এবং থ্রিলারে ভরপুর বহু প্রতীক্ষিত ছবি ‘দৃশ্যম ৩’ (দৃশ্যম: দ্য কনক্লুশন) মুক্তির দোরগোড়ায়। বিজয় সালগাওকর হিসেবে অজয় দেবগনকে পর্দায় শেষবার দেখার জন্য এবং গোটা গল্পের শেষ অঙ্কে ঠিক কী রহস্য লুকিয়ে রয়েছে তা জানতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। অভিষেক পাঠক পরিচালিত এই ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই প্রকাশ্যে এল ‘দৃশ্যম ৩’-এর তারকাদের পারিশ্রমিক সংক্রান্ত এক চাঞ্চল্যকর তথ্য।

কোন তারকা কত পারিশ্রমিক নিচ্ছেন?
অজয় দেবগন: জনপ্রিয় চরিত্র ‘বিজয় সালগাওকর’ হয়ে পর্দায় ফেরার জন্য অজয় দেবগন নিচ্ছেন প্রায় ১৮ থেকে ২২ কোটি টাকা। তবে চমকপ্রদ বিষয় হলো, ‘দৃশ্যম ২’ ছবির তুলনায় এই কিস্তিতে কিছুটা কম পারিশ্রমিক নিচ্ছেন তিনি। জানা গেছে, ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবির জন্য তিনি প্রায় ৩০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন।

তব্বু: এই ছবিতে ‘আইজি মীরা দেশমুখ’ হিসেবে আবারও ধরা দিতে চলেছেন তব্বু। তাঁর পারিশ্রমিক রয়েছে প্রায় ২.৫ কোটি থেকে ৩.৫ কোটি টাকার মধ্যে, যা প্রধান অভিনেতার তুলনায় বেশ খানিকটা কম।

অন্যান্য কলাকুশলী: ‘দৃশ্যম ৩’-এ নন্দিনী অর্থাৎ বিজয় সালগাওকরের স্ত্রীর চরিত্রে অভিনয় করা শ্রিয়া শরণ পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন ১ কোটি টাকা। এছাড়া বিজয় সালগাওকরের মেয়ের চরিত্রে অভিনয় করার জন্য ঈশিতা দত্ত নিচ্ছেন ৫০ লাখ টাকা এবং মীরা দেশমুখের স্বামীর চরিত্রে অভিনয় করা রজত কাপুর পাচ্ছেন ৪০ থেকে ৭০ লাখ টাকা। তবে অক্ষয় খান্নার পরিবর্তে এই ছবিতে নতুন তদন্তকারী অফিসার হিসেবে যুক্ত হওয়া জয়দীপ আহলাওয়াত কত পারিশ্রমিক নিচ্ছেন, তা এখনও প্রকাশ্যে আসেনি।

মুক্তির আগেই বক্স অফিসে রেকর্ড ঝড়
আগামী ২ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘দৃশ্যম ৩’। বলিউডের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির আগের দুটি ছবিই বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করায় এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ছবি মুক্তির আগেই তার স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে অ্যাডভান্স বুকিংয়ে। গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অগ্রিম বুকিংয়ের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ৪ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বরের সকালের হিসেব অনুযায়ী, মুক্তির আগেই ছবিটি বক্স অফিসে ১০ কোটি টাকার উপর ব্যবসা করে রেকর্ড গড়েছে। এখন দেখার বিষয়, বড় পর্দায় আসার পর এই থ্রিলার ড্রামা আগের সমস্ত রেকর্ড ভেঙে কত দূর এগোয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *