পিন বা ওটিপির ঝামেলা শেষ! অবশেষে ভারতে এল অ্যাপল পে, কীভাবে কাজ করবে এই মেগা সার্ভিস?

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতে পা রাখল বহুজাতিক টেক জায়ান্ট অ্যাপলের পেমেন্ট পরিষেবা— ‘অ্যাপল পে’ (Apple Pay)। এর ফলে আইফোন ব্যবহারকারীদের জন্য ডিজিটাল লেনদেন আরও অনেক বেশি সহজ, দ্রুত এবং নিরাপদ হতে চলেছে। নতুন এই ফিচার চালুর ফলে ব্যবহারকারীদের আর ট্রানজাকশনের সময় কোনো পিন (PIN) বা ওটিপি (OTP)-র ঝক্কি পোহাতে হবে না।

আপাতত ভারতে শুধুমাত্র অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরাই এই পরিষেবা উপভোগ করার সুযোগ পাবেন। কারণ প্রথম পর্যায়ে কেবল এই ব্যাঙ্কের সঙ্গেই অ্যাপল পে-র সংযুক্তিকরণ করা হয়েছে। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী দিনে অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকদের জন্যও এই পরিষেবা চালু করা হবে।

কীভাবে কাজ করবে অ্যাপল পে? অ্যাপল ওয়ালেট এবং অ্যাপল পে-র ভাইস প্রেসিডেন্ট জেনিফার বেইলে জানিয়েছেন, ভারতে ডিজিটাল ও প্রযুক্তি সচেতন মানুষের সংখ্যা বিশাল। তাই ক্যাশলেস লেনদেনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এই পদক্ষেপ করা হয়েছে। এর মাধ্যমে পেমেন্ট করার সময় পিওএস (POS) কাউন্টারের মেশিনের কাছে শুধু আইফোনটি নিয়ে যেতে হবে। এরপর সাইড বাটন প্রেস করে ফেস আইডি (Face ID) অথবা টাচ আইডি (Touch ID) অথেন্টিকেশন দিলেই মুহূর্তের মধ্যে পেমেন্ট সফল হয়ে যাবে। এর জন্য কোনো আলাদা অ্যাপ বা ওটিপির প্রয়োজন পড়বে না।

সুরক্ষা নিয়ে কী বলছে অ্যাপল? সাধারণত মোবাইলে ডেবিট বা ক্রেডিট কার্ড সেভ রাখতে গিয়ে তথ্য চুরির একটা ভয় থেকেই যায়। তবে অ্যাপল দাবি করেছে, তাদের এই সিস্টেমে সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। সংস্থা কোনো কার্ড নম্বর বা সিভিভি (CVV) নিজেদের সার্ভারে স্টোর করে না, এমনকি কোনো মার্চেন্টের সঙ্গেও তা শেয়ার করে না। প্রতিটি কার্ডের বিপরীতে একটি করে ইউনিক নম্বর বা টোকেন তৈরি করে অ্যাপল, যা অত্যন্ত সুরক্ষিতভাবে সংরক্ষিত থাকে। এমনকি ট্রানজাকশনের কোনো তথ্যও অ্যাপল সংরক্ষণ করে না; এটি সম্পূর্ণভাবে ব্যবহারকারী, মার্চেন্ট এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

খুব সহজেই অ্যাক্সিস ব্যাঙ্কের অফিশিয়াল অ্যাপ অথবা সরাসরি আইফোনের নিজস্ব ‘ওয়ালেট’ (Wallet) অপশনের মাধ্যমে কার্ড সংযুক্ত করে এই পরিষেবা ব্যবহার শুরু করতে পারবেন গ্রাহকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *