মাঝরাতে মুম্বই স্টেশনে পুড়ে ছাই দুরন্ত এক্সপ্রেসের প্যান্ট্রি কার! খালি ট্রেন না থাকলে কী ভয়াবহ কাণ্ড ঘটত?

মাঝরাতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেল। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) ইয়ার্ডে রক্ষণাবেক্ষণের কাজের জন্য নিয়ে যাওয়ার সময় হঠাৎই দুরন্ত এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। তবে ট্রেনটিতে সে সময় কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৩টা ৪০ মিনিট নাগাদ খালি ট্রেনটির প্যান্ট্রি কারে হঠাৎই আগুন দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ও কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকলকর্মীদের দীর্ঘক্ষণ এবং যৌথ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রেনটিকে খালি অবস্থাতেই রক্ষণাবেক্ষণের (Maintenance) জন্য ইয়ার্ডে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। রেলের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে মাঝরাতে এই আকস্মিক আগুন-আতঙ্কে রেলকর্মী ও স্থানীয় মহলে ব্যাপক শোরগোল পড়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *