আড়াই কোটির রেঞ্জ রোভার আসছে ভারতে! এক চার্জে ৬০০ কিমি ছুটবে এই দুর্দান্ত ইলেকট্রিক SUV

বিলাসবহুল গাড়িপ্রেমীদের জন্য সুখবর। জাগুয়ার এবং ল্যান্ড রোভার (JLR) বিশ্ববাসীর সামনে নিয়ে এল তাদের নতুন এবং অত্যন্ত প্রতীক্ষিত মডেল—রেঞ্জ রোভার স্পোর্ট ইলেকট্রিক (Range Rover Sport Electric)। ইতিমধ্যে গাড়িটির বুকিংও শুরু হয়ে গেছে ভারতে। রেঞ্জ রোভার স্পোর্টস লাইনআপে এটিই প্রথম বৈদ্যুতিক গাড়ি, যা বাজারে আসার আগেই ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।
দাম এবং লঞ্চের সময়: সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, গাড়িটি ২০২৭ সালের মার্চ মাসে ভারতে লঞ্চ হতে পারে। এটি সম্পূর্ণ বিল্ট-ইন ইমপোর্ট (CBU) হিসেবে ভারতে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কোম্পানির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দাম ঘোষণা করা হয়নি, তবে অটোমোবাইল বাজারের বিশেষজ্ঞদের অনুমান, এই বিলাসবহুল ইলেকট্রিক এউভি-র (SUV) দাম ভারতীয় মুদ্রায় আড়াই কোটি টাকার আশপাশে হতে পারে।
পাওয়ারট্রেন ও দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ: জেএলআর-এর উন্নত ৮০০-ভোল্ট এমএলএ (MLA) ফ্লেক্স প্ল্যাটফর্মের ওপর তৈরি করা হয়েছে এই গাড়িটি। এতে রয়েছে ১১৮.৫ কিলোওয়াট-ঘণ্টার শক্তিশালী ব্যাটারি প্যাক। সংস্থার দাবি, একবার পুরো চার্জ দিলে গাড়িটি ৬০৯ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে পারবে, যা সাধারণ রেঞ্জ রোভার ইলেকট্রিকের থেকেও ৯ কিলোমিটার বেশি। নিরাপত্তার কথা মাথায় রেখে এই গাড়ির ব্যাটারিতে আট বছর বা ১.৬ লক্ষ কিলোমিটারের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।
পারফরম্যান্সের দিক থেকেও গাড়িটি দারুণ শক্তিশালী। এর ডুয়েল ইলেকট্রিক মোটর ৫৪২.৪ বিএইচপি (bhp) পর্যন্ত পাওয়ার এবং ৮৫০ এনএম (Nm) টর্ক জেনারেট করতে সক্ষম। এছাড়া এতে রয়েছে ৩৫০ কিলোওয়াট ডিসি (DC) ফাস্ট চার্জিং সিস্টেম। কোম্পানির দাবি অনুযায়ী, মাত্র ২২ মিনিটে গাড়িটি ১০ শতাংশ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। এমনকি মাত্র ১০ মিনিটের চার্জেই প্রায় ২২০ কিলোমিটার পথ চলার মতো ব্যাটারি চার্জ করা সম্ভব।
এক্সটিরিওর ও ইন্টেরিওর ডিজাইন: গাড়িটির বাহ্যিক ও অভ্যন্তরীণ রূপ পেট্রোলচালিত মডেলগুলির মতোই প্রিমিয়াম রাখা হয়েছে। সরু হেডলাইট ডিজাইন, আকর্ষণীয় ব্ল্যাক গ্রিল এবং ২২ ইঞ্চির অ্যালয় হুইল গাড়িটিকে এক রাজকীয় লুক দিয়েছে। এর পাশাপাশি ফ্লাশ ফিটিং ডোর হ্যান্ডেল, ছাদ এবং উইং মিরর এর প্রিমিয়াম ভাবকে আরও বাড়িয়ে তুলেছে। প্রযুক্তিপ্রেমী এবং বিলাসবহুল গাড়ির ক্রেতাদের কাছে এটি যে অন্যতম সেরা পছন্দ হতে চলেছে, তা বলাই বাহুল্য।