জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল ছিল পশ্চিমবঙ্গ! বিগত সরকারকে কাঠগড়ায় তুলে আর কী বললেন মন্ত্রী অগ্নিমিত্রা?

রাজ্য রাজনীতিতে ফের একবার চড়ল উত্তাপ। তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়ে তাদের সরাসরি ‘টুকরে টুকরে গ্যাং’ বলে কটাক্ষ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার উত্তর 24 পরগনার হাবড়ায় একটি সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা ও বিগত সরকারের ভূমিকা নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন।
উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন: এদিন হাবড়ার 22 নম্বর ওয়ার্ডের বাণীপুরে মুক্তিধাম মহাশ্মশানে বৈদ্যুতিক চুল্লি এবং কেন্দ্রীয় সরকারের ‘অম্রুত’ পানীয় জল সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল ও অশোকনগরের বিধায়ক সুময় হীরার উপস্থিতিতে প্রায় ৩ কোটি ৮২ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই বৈদ্যুতিক চুল্লি প্রকল্পের উদ্বোধন ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়।
তৃণমূলকে তীব্র আক্রমণ ও ‘টুকরে টুকরে গ্যাং’ কটাক্ষ: দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে মন্ত্রী সাফ জানিয়ে দেন যে, তৃণমূল কংগ্রেস এখন আর রাজ্যে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক নয়। বিভিন্ন অংশে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া এই দলকে নিশানা করে তিনি বলেন, “তৃণমূল এখন টুকরে টুকরে গ্যাংয়ে পরিণত হয়েছে। তারা দিল্লিতে কী বৈঠক করল, তাতে আমাদের কিছু যায় আসে না। আসন্ন উপনির্বাচনে রাজ্যের মানুষ বিজেপির পক্ষেই রায় দেবে।”
শিল্পায়ন ও জঙ্গি অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক দাবি: রাজ্যের শিল্প সম্ভাবনা ও বন্ধ কারখানাগুলির পুনরুজ্জীবন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান সরকার রাজ্যে শিল্প স্থাপনের জন্য সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। শুধু সাইকেল কারখানা নয়, বন্ধ হয়ে যাওয়া হিন্দুস্তান কেবলসসহ অন্যান্য কারখানাগুলিও পুনরায় চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি, অতীতে রাজ্যে জঙ্গি অনুপ্রবেশের নেপথ্যে বিগত সরকারের ব্যর্থতা রয়েছে বলেও গুরুতর অভিযোগ তোলেন মন্ত্রী। তাঁর দাবি, গত দেড় দশক ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আশ্রয়ে পশ্চিমবঙ্গ জঙ্গিদের নিরাপদ ঘাঁটিতে পরিণত হয়েছিল। তবে বর্তমান সরকার রাজ্যের সুরক্ষা ও সীমান্ত এলাকার মাদ্রাসাগুলির ওপর কড়া নজরদারি রাখছে এবং জঙ্গি কার্যকলাপে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন।