মার্কস-মাওয়ের ছবি সরাতেই হবে! কলকাতার নামী স্কুলে আরএসএস সংগঠনের হস্তক্ষেপে শোরগোল, বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের

কলকাতার একটি নামী বেসরকারি স্কুলের দেওয়াল থেকে কার্ল মার্কস, মাও সে তুং এবং চে গুয়েভারার মতো বিদেশি ব্যক্তিত্বদের ছবি সরিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও শিক্ষামহল উত্তাল হয়ে উঠেছে। ঢাকুরিয়ার লেক ভিউ স্কুলের শিক্ষক কমনরুম ও করিডর থেকে এই ছবিগুলি সরানোর দাবি তোলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) শিক্ষক সংগঠন—অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈখিক মহাসঙ্ঘ। অবশেষে সংগঠনের আপত্তির পরেই ছবিগুলি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
স্কুল ও শিক্ষক সংগঠন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈখিক মহাসঙ্ঘের একটি প্রতিনিধিদল লেক ভিউ স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের অভিযোগ ছিল, স্কুলের দেওয়ালে মণীষীদের ছবির পাশাপাশি মাও সে তুং, কার্ল মার্কস, জোসেফ স্ট্যালিন, চে গুয়েভারা কিংবা ভেনিজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট হুগো সাভেজের মতো বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি রাখা হয়েছে। অথচ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী, কিংবা ড. বি আর আম্বেদকর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো জাতীয় বীরদের ছবি অনেক ক্ষেত্রেই সেখানে স্থান পায়নি।
সংগঠনের কলকাতা জেলার সভাপতি প্রদীপ পাল বলেন, “দীর্ঘ কুড়ি বছর ধরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের রাজনৈতিক বা বিদেশি চিন্তাধারার ছবি ঝুলে রয়েছে, যা একেবারেই বেমানান। আমরা ভারপ্রাপ্ত শিক্ষককে বিষয়টি জানিয়েছি।”
অন্যদিকে, লেক ভিউ হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সুদীপ্ত দে জানান, তিনি গত মে মাসে দায়িত্ব নিয়েছেন এবং বহু বছর ধরেই ছবিগুলি সেখানে ঝুলছিল। আগে কেউ এ বিষয়ে আপত্তি না জানানোয় বিষয়টি তাঁদের নজরে আসেনি। তবে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি জোরালোভাবে তুলে ধরার পর তিনি আশ্বাস দিয়েছেন যে, আগামী সাতদিনের মধ্যে সমস্ত বিতর্কিত ছবি সরিয়ে ফেলা হবে। সেই জায়গায় দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ অন্যান্য জাতীয় ব্যক্তিত্বদের ছবি টাঙানো হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই আকস্মিক ঘটনায় শিক্ষা মহলে জোরদার বিতর্ক শুরু হয়েছে।