‘বার্সিলোনার পর কলকাতার নাম করবে বিশ্ব!’ ব্রাজিল ম্যাচের আগে যুবভারতীর ভোলবদলে তাজ্জব সবাই

কলকাতায় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন চড়ছে তুঙ্গে। আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে ভারত ও ব্রাজিল। এই ঐতিহাসিক ম্যাচকে ঘিরে রাজ্যজুড়ে চলছে জোরকদমে প্রস্তুতি। শুধু ব্রাজিল নয়, ৬ অক্টোবর উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ ছাড়াও ভারতীয় মহিলা দলের মুখোমুখি হবে রাশিয়া টিম। বিশ্বমঞ্চে কলকাতার মুখ উজ্জ্বল করতে রাজ্য সরকার এই আয়োজনকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে চলেছে।
কী বলছেন ক্রীড়ামন্ত্রী? ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন, “সোজা কথায় ভারতীয় ফুটবল এক অবিস্মরণীয় ইতিহাসের সাক্ষী হতে চলেছে। পশ্চিমবঙ্গের বাইরে থেকেও ফুটবলপ্রেমীরা শহরে আসছেন।” তিনি আরও ঘোষণা করেছেন, “যখনই স্পোর্টস ট্যুরিজমের কথা বলা হবে, পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষ যেন বার্সিলোনার পরই কলকাতার নাম নিতে পারে, আমরা সেই ব্যবস্থাই করছি। যুবভারতীকে আমরা ঢেলে সাজাচ্ছি, সবকিছু একদম নতুন লুকে দেখতে পাবেন।” টিকিটের কোনো কালোবাজারি যাতে না হয়, সে বিষয়েও কড়া নজরদারি রাখা হয়েছে। এমনকি স্টেডিয়ামে এই প্রথমবার জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে, যা গ্যালারির উত্তেজনায় নতুন মাত্রা যোগ করবে। এছাড়া আগামী ২ অক্টোবর একটি বিশেষ স্টেট ডিনারের আয়োজন করা হয়েছে, যেখানে দুটি দলই উপস্থিত থাকবে।
কড়া নিরাপত্তায় মুড়ছে যুবভারতী ভারত বনাম ব্রাজিলের এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে বিধাননগর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি। আগে যেখানে একটি ব্লকে মাত্র তিনজন পুলিশকর্মী মোতায়েন থাকতেন, নিরাপত্তার খাতিরে সেই সংখ্যা বাড়িয়ে একলাফে ৩২ জন করা হচ্ছে। স্টেডিয়ামের ভেতর থেকে শুরু করে চত্বর এবং বাইরের এলাকা—সব মিলিয়ে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে প্রায় ২০০০ পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রবেশপথে তল্লাশি এবং কড়া নজরদারির মাধ্যমে বিশ্বমানের অভিজ্ঞতা দিতে পুরোপুরি প্রস্তুত মেগাসিটি।