পিসিবি-র কড়া নিষেধাজ্ঞায় বড় ধাক্কা! আসন্ন আফগানিস্তান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ছেন পাকিস্তানি ক্রিকেটাররা?

টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের ক্রমবর্ধমান দুনিয়ায় আরও একটি নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের উদ্যোগে দীর্ঘ আট বছর পর ফের শুরু হতে চলেছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)। আগামী ২০২৬ সালের ডিসেম্বরের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট মাঠে গড়ায়ার কথা রয়েছে। টুর্নামেন্টটিকে সফল করতে আয়োজকরা কোমর বেঁধে নামলেও, এর খেলোয়াড় ড্রাফট বা প্লেয়ার পুল প্রকাশ পেতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। আর সেই বিতর্কের কেন্দ্রে রয়েছে পাকিস্তান।

কেন বাদ পড়লেন পাকিস্তানি ক্রিকেটাররা?
জানা গেছে, আফগান বোর্ডের এই নতুন লিগের প্লেয়ার পুলে কোনো পাকিস্তানি খেলোয়াড়কে রাখা হয়নি। পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিসিবি (PCB) স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই লিগে অংশ নেওয়ার জন্য তারা কোনো পাকিস্তানি ক্রিকেটারকে অনাপত্তি সনদ বা এনওসি (NOC) দেবে না। আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে আয়োজিত হতে চলা এই লিগ থেকে খেলোয়াড়দের দূরে রাখতেই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

যদিও পিসিবি-র এই সিদ্ধান্তের নেপথ্যে সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের মধ্যে চলা অবনতিশীল সম্পর্কের কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর পাশাপাশি পিসিবি-র নিজস্ব নীতিও একটি বড় কারণ হতে পারে। বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকা পাকিস্তানি ক্রিকেটাররা বছরে বড়জোর দুটি বিদেশি টি-টোয়েন্টি লিগেই অংশ নিতে পারেন। কিন্তু চুক্তিহীন বা টি-টোয়েন্টি স্পেশালিস্টদের ক্ষেত্রে এমন কড়াকড়ি না থাকায় প্রশ্ন উঠছে যে, এটি নিছকই বোর্ডের নিয়ম, নাকি দুই দেশের রাজনৈতিক তিক্ততারই প্রতিফলন?

৮ বছর পর এপিএলের কামব্যাক
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে প্রথমবার এপিএল আয়োজন করেছিল আফগান বোর্ড, কিন্তু এক মৌসুম চলার পরেই তা বন্ধ হয়ে যায়। এবার দীর্ঘ আট বছর পর নতুন ফরম্যাটে এই লিগকে ফের জীবন্ত করে তুলতে চাইছে তারা। টুর্নামেন্টের সাফল্যের জন্য বিদেশি তারকাদের উপস্থিতি অত্যন্ত জরুরি হলেও, পড়শি দেশের ক্রিকেটারদের বয়কট করায় এই টুর্নামেন্টের ওপর কতটা প্রভাব পড়বে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *