বৃষ্টিতে পণ্ড সমস্ত কোয়ার্টার ফাইনাল! নাগোয়ায় ম্যাচ না খেলেই কপাল পুড়ল কাদের?

বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের জেরে চলতি এশিয়ান গেমস ২০২৬ (Asian Games 2026)-এর পুরুষদের ক্রিকেটে বড়সড় বিপর্যয় ঘটে গেল। জাপানের নাগোয়ায় আবহাওয়ার প্রতিকূলতার কারণে পুরুষদের ক্রিকেটের চারটি কোয়ার্টার-ফাইনাল ম্যাচই একটি বলও মাঠে গড়ায়নি। বৃষ্টির কারণে একটি ম্যাচও শুরু করা সম্ভব না হওয়ায় ভেস্তে যায় সবকটি নকআউট লড়াই।
পণ্ড কোয়ার্টার ফাইনাল ও নিয়মের মারপ্যাঁচ
মঙ্গলবার সকালে নির্ধারিত কোয়ার্টার ফাইনালে নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচটি বৃষ্টির কারণে সম্পূর্ণ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে মালয়েশিয়ার বিরুদ্ধে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও একই কারণে ভেস্তে গিয়েছিল। একইভাবে, সোমবার বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের জেরে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচটি শুরু করা অসম্ভব হয়ে দাঁড়ায়। অন্যদিকে, হংকংয়ের বিরুদ্ধে পাকিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচটিরও একই পরিণতি হয়।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় ম্যাচ না খেলেই আসর থেকে বিদায় নিতে হয়েছে আফগানিস্তান, হংকং, মালয়েশিয়া ও নেপালকে।

সেমিফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কা লড়াই

আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার বড় সুবিধা পেয়ে শেষ চারে অর্থাৎ সেমিফাইনালে পাকা জায়গা করে নিয়েছে টুর্নামেন্টের শীর্ষ দলগুলি—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ফাইনালে ওঠার কঠিন লড়াইয়ে ভারতের সামনে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার এই দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ওইদিন আবহাওয়া কেমন থাকে, তার ওপরই পুরো ম্যাচগুলির ভবিষ্যৎ নির্ভর করছে। ক্রিকেটপ্রেমীদের আশা, সেমিফাইনালে ভারত ও পাকিস্তান নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়ে ফাইনালে মুখোমুখি হবে। এবারের এশিয়ান গেমসে ভারতীয় মহিলা দল ইতিমধ্যেই সোনা জয় করে দেশের নাম উজ্জ্বল করেছে। ফলে পুরুষ দলও সোনা জিতে ট্রফি ধরে রাখবে কি না, এখন সেটাই দেখার।

শ্রেয়াস-লক্ষ্মণের কাঁধে সোনা জয়ের দায়িত্ব

চলতি এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন তারকা ব্যাটার শ্রেয়াস আইয়ার। দলের প্রধান কোচের দায়িত্ব সামলাচ্ছেন জাতীয় ক্রিকেট আকডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। উল্লেখ্য, প্রধান কোচ গৌতম গম্ভীর এই মুহূর্তে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে ব্যস্ত থাকায়, এশিয়ান গেমসের জন্য বিশেষ দায়িত্বে পাঠানো হয়েছে লক্ষ্মণকে।

শ্রেয়াস-লক্ষ্মণের এই স্কোয়াডে জসপ্রীত বুমরার মতো অভিজ্ঞ পেসার যেমন রয়েছেন, তেমনই মাত্র ১৫ বছর বয়সি বিস্ময়কর ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশীকেও দলে রেখে বড় চমক দেওয়া হয়েছে। সব মিলিয়ে, সোনা জয়ের লক্ষ্যেই এখন চূড়ান্ত ছক কষছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *