সন্তানের দাম মাত্র ১ লক্ষ কুড়ি হাজার টাকা! কোলের শিশুকে বেচে যা করল দম্পতি, জানলে রক্ত হিম হয়ে যাবে

টাকার লোভে চরম অমানবিকতার নজির গড়ল এক দম্পতি। মাত্র এক মাসের কোলের সন্তানকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তার নিজের মা-বাবার বিরুদ্ধেই। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর এলাকায় মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে ওই দুধের শিশুকে বিক্রি করে দেওয়া হয়। শুধু তাই নয়, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনে পুলিশ জানিয়েছে, সেই টাকা দিয়ে একটি সোনার চেন এবং দুটি দামি মোবাইল ফোন কিনেছিল অভিযুক্ত দম্পতি। এই ঘটনায় ইতিমধ্যেই দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর এলাকার মুকুন্দওয়াড়িতে টাকার বিনিময়ে ওই মহিলার হাতে শিশুটিকে তুলে দেওয়ার সময় বিষয়টি হাতেনাতে ধরে ফেলে পুলিশ। এই ঘটনায় শুধু ওই দম্পতিই নয়, এর নেপথ্যে কাজ করা একটি সুসংগঠিত আন্তঃরাজ্য শিশু পাচারকারী চক্রের হদিশ পেয়েছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চরম আর্থিক লোভ অথবা পারিবারিক অসচেতনতার সুযোগ নিয়ে এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে যে, এই চক্রের শিকড় আর কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে এবং এর আগে আরও কোনো শিশুকে এ ভাবে বিক্রি করা হয়েছে কি না। এক মাসের নিষ্পাপ শিশুকে অর্থের বিনিময়ে পণে পরিণত করার এই ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারাও। ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।