মাত্র দু’বছর বয়সেই তাক লাগাল শিলিগুড়ির খুদে! অনর্গল গীতার শ্লোক ও রাজ্যের রাজধানীর নাম বলে নেটদুনিয়ায় ভাইরাল হানভিকা

বয়স মাত্র দু’বছর। কিন্তু এই বয়সেই তাঁর মেধা ও স্মৃতিশক্তি দেখলে যে কারও চোখ কপালে উঠবে। ২৯টি রাজ্যের রাজধানীর নাম থেকে শুরু করে গীতার ১৮টি শ্লোক, গায়ত্রী মন্ত্র কিংবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র—সবকিছুই একদম অনর্গল বলে চলেছ শিলিগুড়ির শরৎচন্দ্রপল্লির বাসিন্দা ছোট্ট হানভিকা সাহা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই খুদের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই তাকে নিয়ে চারদিকে শুরু হয়েছে শোরগোল।
পরিবার সূত্রে জানা গিয়েছে, কোনো রকম জোর বা চাপ না দিয়ে, মায়ের সঙ্গে খেলাচ্ছলেই পড়াশোনা ও শেখার হাতেখড়ি হয়েছিল হানভিকার। ছবি, গল্প এবং মজার কথোপকথনের মাধ্যমে তাকে বিভিন্ন বিষয় শেখানো হয়েছে। আর এই সহজ ও আনন্দদায়ক শেখার পদ্ধতিতেই ছোট্ট বয়সে তার মধ্যে তৈরি হয়েছে দারুণ আগ্রহ। শুধু রাজধানী বা শ্লোকই নয়, বিভিন্ন ফল, ফুল ও রঙের নামও নিখুঁতভাবে বলতে পারে সে।
দু’বছরের এই খুদের এমন অসাধারণ স্মৃতিশক্তি ও মেধার কথা ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে নেটদুনিয়ার। হানভিকার এই অনন্য প্রতিভাকে আরও বড় পরিসরে তুলে ধরতে ইতিমধ্যেই পরিবার থেকে ‘ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস’ এবং ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’-এর ‘Intelligent Kid’ বিভাগে আবেদন করা হয়েছে। কম বয়সে শিশুর এই অবিশ্বাস্য মেধার স্ফুরণ এখন খাস শিলিগুড়ি ছাড়িয়ে রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।