‘কীভাবে কমবে ঋণের বোঝা আর বাড়বে আয়?’ নতুন সরকারের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জের হিসাব দিল রেভিনিউ সার্ভিস অ্যাসোসিয়েশন

রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে রাজস্ব আদায়ের সঠিক পরিকাঠামো—বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি কী হতে চলেছে, তা নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ‘ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক সাধারণ সভায় উঠে এল পশ্চিমবঙ্গের অর্থনীতির একাধিক গুরুত্বপূর্ণ দিক ও ভবিষ্যতের রূপরেখা।

বিশেষজ্ঞ ও আধিকারিকদের আলোচনায় উঠে এসেছে যে, তামিলনাড়ু বা মহারাষ্ট্রের মতো অন্যান্য প্রগতিশীল রাজ্যগুলির তুলনায় নিজস্ব কর সংগ্রহে বাংলা অনেকটাই পিছিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে সরকারের আয় বাড়ানোর পাশাপাশি ঋণের বোঝা কীভাবে কমানো সম্ভব, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। বিগত দিনে রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা এবং ত্রুটি দূর করে নতুন কর্মপদ্ধতি গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

পাশাপাশি, রাজ্যের বিভিন্ন পৌরসভা ও স্থানীয় স্তরের আর্থিক অবস্থার বেহাল দশা কাটাতে এবং জিএসটি (SGST) সংগ্রহ বৃদ্ধি করতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। করদাতা বা ট্যাক্সপেয়ারের পরিধি বাড়ানো, ব্যবসা ও শিল্পে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করা এবং সরকারি পরিকাঠামো ও সম্পত্তিগুলির সঠিক সদ্ব্যবহার সুনিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। নতুন সরকারের আমলে এই আর্থিক চ্যালেঞ্জগুলি মোকাবিলা করে কীভাবে একটি স্বনির্ভর ও শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা যায়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *