মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িতেও বুলডোজার! সিংহস্থ মেধার প্রস্তুতিতে কোপ পড়ল খোদ মোহন যাদবের বাড়িতেই

২০২৮ সালের মেগা ইভেন্ট ‘সিংহস্থ উৎসব’-এর প্রস্তুতিতে এবার নজিরবিহীন পদক্ষেপ। তীর্থযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে রাস্তা চওড়া করার কাজ শুরু হয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়িনে। আর এই উন্নয়নমূলক প্রকল্পের কোপ পড়েছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদবের পৈতৃক বাড়ির ওপর! রাস্তার প্রস্থ বাড়াতে মুখ্যমন্ত্রীর পরিবারের পৈতৃক বাড়ির প্রায় ২.৩০ মিটার অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। ইতিমধ্যে পুরসভার পক্ষ থেকে বাড়িটিতে লাল দাগ দিয়ে চিহ্নিতকরণের কাজও শুরু হয়ে গেছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উজ্জয়িনের খাজুর ওয়ালি মসজিদ থেকে গণেশ চক পর্যন্ত প্রায় ৭৩০ মিটার দীর্ঘ রাস্তাটি প্রায় ১৫ মিটার চওড়া করা হচ্ছে। এই জনকল্যাণমূলক ও পরিকাঠামো উন্নয়নের কাজের জেরে এলাকার মোট ২৭২টি ভবন ক্ষতিগ্রস্ত হতে চলেছে। কোন কোন অংশ ভাঙা হবে, তা নির্ধারণ করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট ভবনগুলি মেপে লাল রঙে চিহ্নিত করেছে পৌর কর্তৃপক্ষ। স্পষ্টতই, এই উচ্ছেদ বা ভাঙচুরের নেপথ্যে কোনো বেআইনি দখলের বিষয় নেই, বরং সম্পূর্ণভাবেই রাস্তা চওড়াকরণের তাগিদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই সড়ক প্রশস্তকরণ প্রকল্পের জেরে কেবল মুখ্যমন্ত্রীর পৈতৃক বাড়িই নয়, কোপ পড়েছে তাঁর বোন তথা উজ্জয়িন পৌর কর্পোরেশনের চেয়ারপার্সন কলাবতী যাদবের বাড়ির ওপরেও। এই প্রকল্পের জন্য তাঁর বাড়ির প্রায় ৩.৮ মিটার অংশ ভেঙে ফেলা হবে। তবে এই বিষয়ে প্রশাসনের পাশে দাঁড়িয়ে এক বড় মানসিকতার পরিচয় দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রীর বোন। কলাবতী যাদব জানিয়েছেন, শহরের সার্বিক উন্নয়ন এবং আসন্ন সিংহস্থ উৎসবের স্বার্থে তাঁদের পরিবারও এই আত্মত্যাগে পিছপা হবে না, বরং উন্নয়নের শরিক হতে পেরে তাঁরা গর্বিত।
১৯৭৪ সালে মুখ্যমন্ত্রী মোহন যাদবের পিতামহ রামচন্দ্র যাদব এই পৈতৃক বাড়িটি নির্মাণ করেছিলেন। বহু স্মৃতিবিজড়িত সেই পুরনো বাড়ির কিছুটা অংশ এবার মেগা প্রকল্পের খাতিরে ভাঙতে হচ্ছে। ২০২৮ সালের সিংহস্থকে সামনে রেখে উজ্জয়িনে এখন যুদ্ধকালীন তৎপরতায় রাস্তাঘাট ও পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। তবে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবার নিজের বাড়ির অংশ হাসিমুখে ভাঙার অনুমতি দিয়ে সাধারণ মানুষের কাছে এক অনন্য নজির স্থাপন করল।