পাহাড় থেকে সমতল, রেকর্ড গড়ে শেষ সেনসাসের প্রথম পর্ব! সাফল্যের বিরাট পরিসংখ্যান প্রকাশ সরকারের

নির্ধারিত সময়সীমার আগেই রাজ্যে সফলভাবে সম্পন্ন হলো প্রথম দফার জনগণনার কাজ। গত ১৪ সেপ্টেম্বর ছিল এই পর্বের তথ্য সংগ্রহের শেষ দিন। তার আগেই গোটা রাজ্যে ১০০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানাল রাজ্য সরকার। বুধবার সমাজমাধ্যমে এই সাফল্যের বিস্তারিত পরিসংখ্যান রাজ্যবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাহাড়াঞ্চল থেকে শুরু করে সমতল কিংবা নদীমাতৃক প্রত্যন্ত এলাকা—সর্বত্রই প্রশাসনের তৎপরতায় অত্যন্ত দ্রুততার সঙ্গে এই বিশাল কর্মযজ্ঞ শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

জনগণনার পরিসংখ্যান ও সাফল্য মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের ২৩টি জেলা এবং গুরুত্বপূর্ণ পুরনিগমগুলি মিলিয়ে মোট ১ লক্ষ ৭৩ হাজার ৬৬টি ‘হাউস লিস্টিং ব্লক’ বা বাসগৃহ তালিকাভুক্তির কাজ সম্পূর্ণ হয়েছে। সরকারি তথ্য বলছে, গোটা রাজ্যে মোট প্রত্যাশিত বসতবাড়ির সংখ্যা ছিল ৩ কোটি ৬৯ লক্ষ ৫০ হাজার ৫টি। তার মধ্যে ইতিমধ্যেই ৩ কোটি ৬৮ লক্ষ ৩০ হাজার ১৫০টি বাড়ির তথ্য সংগ্রহের কাজ সফলভাবে শেষ হয়েছে। অর্থাৎ, লক্ষ্যমাত্রার প্রায় ৯৯.৭ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, উত্তর ২৪ পরগনায় ১৭ হাজার ৬৬৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ১৪ হাজার ৭২৬টি, মুর্শিদাবাদে ১৩ হাজার ২৮৪টি, পশ্চিম মেদিনীপুরে ১০ হাজার ৬২৩টি, নদিয়ায় ৯ হাজার ৪১৫টি এবং কলকাতায় ৮ হাজার ৭০টি ব্লকের কাজ শতভাগ শেষ হয়েছে। দার্জিলিং থেকে পুরুলিয়া, আসানসোল কিংবা শিলিগুড়ি—কোনও অংশই বাদ যায়নি। রাজ্য সরকারের দাবি, এত কম সময়ে এই বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছনো প্রশাসনিক ক্ষেত্রে এক ঐতিহাসিক নজির।

ঐতিহাসিক মাইলফলক ও কর্মীদের কুর্নিশ এই বিশাল কর্মযজ্ঞের সফল সমাপ্তিকে রাজ্যের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত করে মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে লিখেছেন, অত্যন্ত নিষ্ঠা, নিখুঁত পরিকল্পনা এবং অক্লান্ত পরিশ্রমের ফলেই এই সাফল্য এসেছে। রোদ-বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মাঠপর্যায়ে কাজ করা নিচুতলার গণনাকর্মী এবং সুপারভাইজাররা যেভাবে মাইলের পর মাইল হেঁটেছেন, তার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। পাশাপাশি, জেলাশাসক, মহকুমা শাসক, বিডিও এবং পুর কমিশনারদের নিরবচ্ছিন্ন সমন্বয় ও নেতৃত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে, সরকারি কর্মীদের সাদরে গ্রহণ করার জন্য রাজ্যের প্রতিটি নাগরিকের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *