নতুন জীবন শুরুর জল্পনা উসকে দিলেন রণজয়ের সহকর্মী! নেপথ্যের আসল সত্যিটা কী?

ছোটপর্দার জনপ্রিয় জুটি থেকে বাস্তবের গুঞ্জন—সব মিলিয়ে টেলিপাড়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রণজয় বিষ্ণু ও অভীকা মালাকার। ‘তোমাদের রানী’ ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করা অভীকা বর্তমানে ‘প্রতিজ্ঞা’ সিরিয়ালে রণজয়ের সঙ্গে জুটি বেঁধে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। আর এই অনস্ক্রিন রসায়নের পর থেকেই তাঁদের অফস্ক্রিন সম্পর্ক নিয়ে নানা জল্পনা ডালপালা মেলেছে। এর মধ্যেই অভিনেতা রণজয় ও তাঁর স্ত্রী শ্যামৌপ্তি মুদ্রীর সম্পর্ক ভাঙনের গুঞ্জনও খবরের শিরোনামে উঠে এসেছে। ঠিক এমন এক আবহেই সব জল্পনাকে উস্কে দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের বাগদানের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী অভীকা মালাকার।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন অভীকা, যেখানে তাঁর অনামিকায় একটি আংটি স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, “আমি কি হ্যাঁ বললাম? খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে।” এই পোস্ট ঘিরেই বিনোদন দুনিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা। সবার নজর কেড়েছে এই পোস্টে সহকর্মী রণজয় বিষ্ণুর মন্তব্য। অভীকাকে উদ্দেশ্য করে রণজয় লিখেছেন, “শুভেচ্ছা। খুব ভাল থাক। নতুন সফরের জন্য শুভেচ্ছা।”
তবে অভীকার এই পোস্টের পর থেকেই অনুরাগীদের মনে নানা প্রশ্ন দানা বাঁধছে। সত্যিই কি বাগদান সেরে ফেললেন অভিনেত্রী? কে হলেন তাঁর আসল জীবনসঙ্গী? অনেকেই আবার মনে করছেন, এটি হয়তো নতুন কোনো কাজ বা ছবির প্রচারের কৌশল মাত্র। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী নিজেই। অনুরাগীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে অভীকা তাঁর এই রহস্যের আসল সত্যিটা প্রকাশ্যে আনবেন।