শূন্যে ডিগবাজি খেয়ে ছিটকে দূরে পড়লেন জন্মদিনের কেক ক্রেতা! নয়ডার এই মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও দেখলে বুক কেঁপে যাবে

নিজের জন্মদিনের কেক কিনতে বেরিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। গত ৫ সেপ্টেম্বর ভোর ৪টে নাগাদ গ্রেটার নয়ডা ওয়েস্টের মূর্তি চক এলাকায় এই ভয়াবহ হিট অ্যান্ড রানের ঘটনা ঘটে। পুরো ঘটনার একটি ১৪ সেকেন্ডের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই তা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম হিমাংশু রাই। তাঁর স্ত্রী জানিয়েছেন, জন্মদিনের জন্য পছন্দ করে কেক কিনে বাড়ি ফিরছিলেন হিমাংশু। রাস্তা পার হওয়ার ঠিক সেই মুহূর্তেই অত্যন্ত দ্রুত গতিতে ধেয়ে আসা একটি সাদা রঙের গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, ওই যুবক শূন্যে ডিগবাজি খেয়ে দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়েন।
এই ভয়াবহ দুর্ঘটনায় হিমাংশুর হাত, পা এবং শিরদাঁড়ায় একাধিক মারাত্মক ফ্র্যাকচার হয়েছে। তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউ-তে রেখে চিকিৎসা শুরু করা হয়। এই ঘটনায় হিমাংশুর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে এবং ঘাতক গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে। নয়ডায় এই ধরনের বেপরোয়া গাড়ি চালানোর ঘটনা এবং লাগাতার হিট অ্যান্ড রানের জেরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।