সেন্সর বোর্ডে বিরাট রদবদল! প্রসেনজিৎ-প্রীতি জিন্টাদের নিয়ে ১৮ সদস্যের নতুন কমিটি গড়ল কেন্দ্র

চলচ্চিত্রের সার্টিফিকেশন বা শংসাপত্র দেওয়ার পুরো প্রক্রিয়ায় এল বড়সড় পরিবর্তন। কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-কে নতুন করে পুনর্গঠন করা হয়েছে। আগামী তিন বছর অথবা পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই নতুন কমিটিই নিজেদের দায়িত্ব পালন করবে। ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে নতুন এই বোর্ডের ১৮ জন সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রের প্রকাশিত নতুন কমিটিতে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি আঞ্চলিক চলচ্চিত্রের বিশিষ্ট মুখদেরও বড় জায়গা দেওয়া হয়েছে। নতুন এই বোর্ডের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে এই তালিকায় নাম রয়েছে অভিনেতা সুনীল শেট্টি, প্রীতি জিন্টা, পঙ্কজ ত্রিপাঠী, অভিনেত্রী রূপালি গাঙ্গুলি, পল্লবী জোশি, পরিচালক প্রিয়দর্শন, সঙ্গীতশিল্পী রিকি কেজ এবং হংসরাজ হংসের মতো খ্যাতনামা ব্যক্তিত্বদের। Cinematograph Act, 1952-এর ধারা ৩(১) এবং Cinematograph (Certification) Rules, 2024-এর নিয়ম মেনেই এই নতুন বোর্ড গঠন করা হয়েছে।

উল্লেখ্য, সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগে তা আদৌ প্রদর্শনের উপযুক্ত কি না এবং কোন বয়সি দর্শকরা তা দেখতে পারবেন, তা নির্ধারণ করার ক্ষেত্রে সেন্সর বোর্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আগামী তিন বছর দেশের চলচ্চিত্র জগতের এই নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নতুন সদস্যরা কোন রূপরেখা আনেন, সেদিকেই এখন নজর রয়েছে গোটা দেশের সিনেমাপ্রেমী ও চলচ্চিত্র নির্মাতাদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *