অষ্টম বেতন কমিশনে কি বদলে যাবে ভাগ্যের চাকা? কর্মচারীদের মূল বেতন পৌঁছে যেতে পারে সোজা ৭২ হাজারে!

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে জল্পনা ও প্রত্যাশা এখন তুঙ্গে। নতুন বেতন কাঠামোর সুপারিশে মূল বেতন (Basic Pay) কত বাড়তে পারে, তা নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ (Fitment Factor)। আর এই ফিটমেন্ট ফ্যাক্টর ঘিরেই সামনে এসেছে একাধিক চাঞ্চল্যকর ও লোভনীয় হিসেবনিকেশ।
ফিটমেন্ট ফ্যাক্টর ও বিভিন্ন সংগঠনের প্রস্তাব
ষষ্ঠ ও সপ্তম বেতন কমিশনের সময় ফিটমেন্ট ফ্যাক্টর হিসেবে যথাক্রমে ১.৮৬ এবং ২.৫৭ নির্ধারণ করা হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল কর্মরত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ক্রয়ক্ষমতা অটুট রাখা। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বিভিন্ন কর্মচারী ইউনিয়ন এবং পেনশনভোগী সংগঠন অষ্টম বেতন কমিশনের কাছে আরও অনেক বেশি উচ্চতর ফিটমেন্ট ফ্যাক্টর রাখার জোরালো দাবি তুলেছে।
-
‘অল ইন্ডিয়া ফেডারেশন অফ পেনশনরস অ্যাসোসিয়েশনস’ (AIFPA) ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে।
-
অন্যদিকে, ‘ভারতীয় প্রতিরক্ষা মজদুর সংঘ’ (BPMS) কমিশনের কাছে জমা দেওয়া স্মারকলিপিতে ৪.০ ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব রেখেছে।
বর্তমানে অষ্টম বেতন কমিশনের প্যানেল দেশের প্রধান শহরগুলিতে বিভিন্ন স্টেকহোল্ডার ও কর্মচারী ইউনিয়নের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে। তবে চূড়ান্ত সংশোধিত বেতনের বিষয়টি নির্ভর করছে কমিশনের চূড়ান্ত সুপারিশ এবং পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের ওপর।
ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী সম্ভাব্য বেতনের হিসেব
ফিটমেন্ট ফ্যাক্টর হলো মূলত একটি গুণক (Multiplier), যার মাধ্যমে সংশোধিত মূল বেতন হিসাব করা হয়।
সূত্রটি হলো: বর্তমান মূল বেতন × ফিটমেন্ট ফ্যাক্টর = আনুমানিক সংশোধিত মূল বেতন।
যদি ৩.৮৩ বা ৪.০ ফিটমেন্ট ফ্যাক্টর অনুমোদিত হয়, তবে বিভিন্ন পে-ম্যাট্রিক্স (Pay Matrix) স্তরে মূল বেতন কেমন হতে পারে, তার একটি আনুমানিক রূপ নিচে সারণিতে দেওয়া হলো:
| পে ম্যাট্রিক্স লেভেল | সপ্তম বেতন কমিশনের মূল বেতন | ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী আনুমানিক মূল বেতন | ৪.০ ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী আনুমানিক মূল বেতন |
| লেভেল ১ | ₹১৮,০০০ | ₹৬৮,৯৪০ | ₹৭২,০০০ |
| লেভেল ২ | ₹১৯,৯০০ | ₹৭৬,২১৭ | ₹৭৯,৬০০ |
| লেভেল ৩ | ₹২১,৭০০ | ₹৮৩,১১১ | ₹৮৬,৮০০ |
| লেভেল ৪ | ₹২৫,৫৫০০ | ₹৯৭,৬৫৫ | ₹১,০২,০০০ |
| লেভেল ৫ | ₹২৯,২০০ | ₹১,১১,৮৩৬ | ₹১,১৬,৮০০ |
| লেভেল ৬ | ₹৩৫,৪০০ | ₹১,৩৫,৫৮২ | ₹১,৪১,৬০০ |
| লেভেল ৭ | ₹৪৪,৯০০ | ₹১,৭১,৯৬৭ | ₹১,৭৯,৬০০ |
| লেভেল ১০ | ₹৫৬,১০০ | ₹২,১৪,৮৬৩ | ₹২,২৪,৪০০ |
| লেভেল ১৩ | ₹১,২৩,১০০ | ₹৪,৭১,৪৭৩ | ₹৪,৯২,৪০০ |
| লেভেল ১৮ | ₹২,৫০,০০০ | ₹৯,৫৭,৫০০ | ₹১০,০০,০০০ |
(দ্রষ্টব্য: এই হিসাবগুলি সম্পূর্ণ অনুমানভিত্তিক ও উদাহরণস্বরূপ। এখনও কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত কোনও ফিটমেন্ট ফ্যাক্টর ঘোষণা করা হয়নি।)
মহার্ঘ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা
এটা মনে রাখা অত্যন্ত জরুরি যে, এই হিসেবগুলি শুধুমাত্র মূল বেতনের সম্ভাব্য পরিবর্তনের দিকটি তুলে ধরে। এর সঙ্গে মহার্ঘ ভাতা (Dearness Allowance), বাড়ি ভাড়া ভাতা (HRA), পরিবহন ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত হলে কর্মচারীদের হাতে আসা চূড়ান্ত বেতনের অংক আরও অনেকটাই বেশি হতে পারে। এই সুপারিশগুলি কার্যকর হলে তা আগামী ১০ বছরের বেতন কাঠামোর ভিত্তি গড়ে তুলবে।
কবে নাগাদ আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত?
কেন্দ্রীয় সরকার ২০২৫ সালের ৩ নভেম্বর বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে অষ্টম বেতন কমিশন গঠন করেছে। কমিশনকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৮ মাস সময় দেওয়া হয়েছে। সেই হিসেবে ২০২৭ সালের মে-জুন নাগাদ এই রিপোর্ট পেশ হতে পারে বলে আশা করা হচ্ছে। সরকারের তরফ থেকে চূড়ান্ত অনুমোদন মিললেই তবেই সরকারি কর্মচারীরা তাঁদের নতুন বেতন কাঠামোর প্রকৃত সুফল হাতে পাবেন।