‘আমি তো এখানে চাষ করতে আসিনি!’ মেগা ছাড়তেই টলিপাড়ার কালো দিক নিয়ে বিস্ফোরক অহনা

গ্ল্যামার জগতের রঙিন দুনিয়া আর আলোর রোশনাইয়ের অন্তরালে প্রায়শই লুকিয়ে থাকে এক নির্মম অন্ধকার বাস্তব। সম্প্রতি ‘তারে ধরি ধরি’ ধারাবাহিক থেকে হঠাৎ করেই সরে দাঁড়িয়ে জোরদার চর্চায় এসেছিলেন জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। সেই সময় হিন্দুস্তান টাইমস বাংলাকে পর্দার ‘কুন্তলিনী’ খ্যাত এই অভিনেত্রী সাফ জানিয়েছিলেন, একান্ত ব্যক্তিগত কারণেই তিনি মেগা ছাড়ছেন এবং সময় এলে সব জানাবেন। তবে সেই গুঞ্জনের মাঝেই এবার ইন্ডাস্ট্রির অন্দরে শিল্পীদের ওপর কাজের অতিরিক্ত চাপ, রাতভর হেনস্থা এবং কাজ হারানোর ভয়ের সুযোগ নিয়ে লাগাতার শোষণের বিরুদ্ধে একেবারে চাঁচাছোলা ভাষায় সোচ্চার হলেন অহনা।
‘আমি তো এখানে চাষ করতে আসিনি…’
সম্প্রতি এক সাক্ষাৎকারে টলিপাড়ার বিষাক্ত কাজের পরিবেশ এবং শিল্পীদের আত্মসম্মান নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। সাধারণ কায়িক শ্রম বা গতানুগতিক চাকরির সঙ্গে অভিনয়ের মতো সৃজনশীল পেশার মূলগত ফার্স্ট বোঝাতে গিয়ে অহনা অত্যন্ত সোজাসাপ্টা ভাষায় কটাক্ষ করে বলেছেন, “আমি তো এখানে চাষ করতে আসিনি যে তুমি আমাকে সকাল ৮টা থেকে রাত ১০টা অব্দি আটকে রেখেছ… আমি চাষ করলাম, নিজের মতো বাড়িতে গিয়ে চলে গেলাম।”
কাজ হারানোর ভয় বনাম শিল্পীর আত্মসম্মান
সাধারণত কাজ হারানোর ভয়ে বহু শিল্পীই ইন্ডাস্ট্রির যাবতীয় অন্যায় ও শোষণ মুখ বুজে সহ্য করতে বাধ্য হন। তবে এই মানসিকতাকে সরাসরি ‘দাসত্ব’-র সঙ্গে তুলনা করে অহনার স্পষ্ট বার্তা, তিনি কোনোভাবেই এই ব্যবস্থাকে মেনে নেবেন না। তাঁর দ্ব্যর্থহীন ঘোষণা, “আমি স্লেভারিতে বিশ্বাস করি না, আমি আর্টিস্টিতে বিশ্বাস করি।”
ক্যামেরার নেপথ্যের লড়াই ও কড়া অবস্থান
পর্দায় একটি সহজ দৃশ্য ফুটিয়ে তোলার নেপথ্যে যে কতটা কঠিন ও সূক্ষ্ম মানসিক পরিশ্রম থাকে, তা ব্যাখ্যা করতে গিয়ে অহনা জানান—ক্যামেরা পজিশন নেওয়া, স্ক্রিপ্টের বিশাল ডায়লগ মুখস্থ রাখা, সঠিক সময়ে তা এক্সিকিউট করা এবং পরিচালকের নির্দেশ নিখুঁতভাবে মেনে চলা—এই সমস্ত কিছু একসঙ্গে ব্যালেন্স করেই তবে একটি পারফেক্ট শট তৈরি হয়।
প্রতিশ্রুতির নামে শিল্পীদের ওপর অন্যায় বা অতিরিক্ত চাপ সৃষ্টি করা একেবারেই বরদাস্ত করা যায় না জানিয়ে অহনা বুঝিয়ে দিয়েছেন, এই কঠিন কাজের সঠিক মূল্যায়ন ও সম্মান না মিললে শিল্পীদের কড়া অবস্থান নেওয়াটাই স্বাভাবিক। উল্লেখ্য, ডান্স রিয়েলিটি শো-এর মাধ্যমে লাইমলাইটে আসা অহনা অভিনয়ের কেরিয়ার শুরু করেছিলেন স্টার জলসার মেগা ‘অনুরাগের ছোঁয়া’-র খলনায়িকা মিশকা হিসেবে, আর জি বাংলার ‘তারে ধরি ধরি’ ছিল তাঁর কেরিয়ারের দ্বিতীয় কাজ। তবে এই ধারাবাহিক ছাড়ার পর অহনার এই বিস্ফোরক মন্তব্য বিনোদন জগতে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।