ডোনা-সানার যুগলবন্দীতে কাঁপল ইন্ডিয়ান মিউজিয়াম! হাজির ছিলেন খোদ সৌরভ, ভাইরাল ভিডিও

কদিন আগেই বিগ বস-এর মঞ্চে কথা বলতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় সোল্লাসে জানিয়েছিলেন যে, সেপ্টেম্বর মাসেই পাকাপাকিভাবে কলকাতায় ফিরে আসছেন তাঁর কন্যা সানা গঙ্গোপাধ্যায়। উচ্চশিক্ষা ও পেশাগত কারণে ২০১৯ সাল থেকেই লন্ডনে ছিলেন সানা। আর ঘরের মেয়ে শহরে ফিরেই নিজের নাচের জাদুতে মুহূর্তে জিতে নিলেন সকলের মন। গত সোমবার মা ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে নজরকাড়া নৃত্য পরিবেশন করতে দেখা গেল সানাকে।
ইন্ডিয়ান মিউজিয়ামে ডোনা-সানার যুগলবন্দী
কিংবদন্তি নৃত্যগুরু কেলুচরণ মহাপাত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে পারফর্ম করেন মা-মেয়ে। ডোনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রায় আট বছর পর পেশাদার মঞ্চে নাচলেন সানা। সবথেকে বড় কথা, সোমবারের এই কঠিন পারফরম্যান্সের জন্য সানা মাত্র চারদিন মহড়ার সুযোগ পেয়েছিল।
নাচ শেষে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে সানা জানান, শুরুটা কিছুটা ভয়ে ভয়ে করলেও শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাকভাবে উতরে যাওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। এদিকে মেয়ের নাচ দেখতে একেবারে সামনের সারির আসনেই উপস্থিত ছিলেন গর্বিত বাবা সৌরভ গঙ্গোপাধ্যায়। দর্শকাসনের একদিকে যেমন বসেছিলেন ডোনার বাবা অর্থাৎ সৌরভের শ্বশুরমশাই, তেমনই অন্যদিকে উপস্থিত ছিলেন কাকা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। জানা গেছে, সানা নিজেই সোমবার সকালে বাবাকে অনুষ্ঠান দেখতে আসার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন।
মেয়ের নাচ নিয়ে কী বললেন ‘মহারাজ’?
মেয়ের পারফরম্যান্স কেমন লাগল—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বভাবসুলভ হাসিতে সৌরভ বলেন, “এটা তো বলা ঠিক নয়, কারণ আমি তো অতটাও বুঝি না। আমি শুধু দেখতে এসেছি। ৭-৮ বছর বাদে নাচ দেখলাম।”
প্রসঙ্গত, অতীতে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচ নিয়ে সৌরভের একটি মন্তব্য বেশ ভালোই বিতর্কের জন্ম দিয়েছিল, এমনকি সেই সময় তাঁকে ‘রেড ফ্ল্যাগ’ বলেও কটাক্ষ করেছিলেন অনেকে। প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের জনপ্রিয় চ্যাট শো ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’-তে সৌরভ স্বীকার করেছিলেন যে, তিনি সাধারণত স্ত্রীর নাচ দেখতে যান না। যা শুনে ঋতুপর্ণ তাঁকে বেশ ধমকও দিয়েছিলেন এবং বলেছিলেন যে, স্ত্রী যেমন স্বামীর খেলা দেখতে মাঠে যান, তেমনই স্বামীরও স্ত্রীর শিল্পকে সম্মান জানানো উচিত। যদিও সৌরভের পাল্টা যুক্তি ছিল, তিনি কখনো জোর করে স্ত্রীকে নিজের ক্রিকেট ম্যাচ দেখতে আনেননি। তবে সময়ের সঙ্গে সেই দূরত্ব ঘুচেছে। অতীতে মেয়ের ম্যাচের সময় ডোনাকে গ্যালারিতে উপস্থিত থাকতে দেখা গেছে, আর এবার মেয়ের টানেই সোজা ইন্ডিয়ান মিউজিয়ামে হাজির হলেন খোদ মহারাজ।
নাচের জগতে ডোনা ও সানার পথচলা
কিংবদন্তি গুরু কেলুচরণ মহাপাত্রের অন্যতম সেরা শিষ্যা হলেন ডোনা গঙ্গোপাধ্যায়। মাত্র তিন বছর বয়সে অমলা শঙ্করের কাছে তাঁর নাচের হাতেখড়ি হয়েছিল এবং পরবর্তীতে ওডিশি নৃত্যে বিশেষ পারদর্শিতা অর্জন করেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত নাচের স্কুল ‘দীক্ষা মঞ্জরী’ নিয়মিত দেশ-বিদেশে মঞ্চ মাতায়, এমনকি বিখ্যাত মহাকুম্ভেও নৃত্য পরিবেশন করেছে এই প্রতিষ্ঠান। মা ডোনাকে দেখেই ছোট থেকে নাচ শিখেছেন সানা, যদিও তিনি নাচকে পেশা হিসেবে বেছে নেননি। তবে দীর্ঘদিন পর মেয়ের এই দুর্দান্ত প্রত্যাবর্তন ও মা-মেয়ের মনোমুগ্ধকর পরিবেশনা যে উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছিল, তা বলাই বাহুল্য।