‘কলেজে OYO রুম বানানো হয়েছে!’ কানকাটা দেবু ও তাঁর ছেলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ছাত্রীর

কানকাটা দেবু এবং তাঁর ছেলের বিরুদ্ধে লাগাতার দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন সুরেন্দ্রনাথ ল কলেজের ছাত্রছাত্রীরা। প্রতিষ্ঠানটির অন্দরে চলা অব্যবস্থা ও হেনস্থার বিরুদ্ধে মুখ খুলে এক ছাত্রী বিস্ফোরক সব তথ্য সামনে এনেছেন।
কলেজের এক ছাত্রী নীলাঞ্জনা ভট্টাচার্যের দাবি, পঠনপাঠনের পরিবেশ তো দূরঅস্ত, কলেজের পরিকাঠামো নিয়ে রীতিমতো প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, কলেজের শৌচাগারে ছিটকি পর্যন্ত নেই। ক্ষোভ উগরে দিয়ে ওই ছাত্রী আরও বলেন, “কলেজে পড়াশোনার জন্য যে অর্থ আমরা দিয়েছি, সেই টাকা দিয়ে যেন ‘ওয়ো রুম’ (OYO Room) বানিয়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, আমাদের বারবার সব কিছুতে মানিয়ে নেওয়ার বা কম্প্রোমাইজ করার কথা বলা হয়েছে। এমনকি আমাদের বিরুদ্ধে হুমকিও দেওয়া হয়েছে।”
একাধিক ছাত্রছাত্রীর এই লাগাতার অভিযোগের জেরে বর্তমানে রাজ্যজুড়ে আইনি শিক্ষা প্রতিষ্ঠানগুলির অভ্যন্তরীণ নিরাপত্তা ও পরিচালনা নিয়ে তীব্র চাঞ্চল্য ও সমালোচনার ঝড় উঠেছে।