দক্ষিণবঙ্গে কি বৃষ্টি কমছে? আবহাওয়া অফিসের বিরাট আপডেট জানাল কোন জেলায় কেমন দুর্যোগ

দক্ষিণবঙ্গবাসীর জন্য স্বস্তির খবর হলো আপাতত এই অঞ্চলে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে এর উলটো ছবি দেখা যাবে উত্তরবঙ্গে, যেখানে আগামী কয়েকদিন ধরে পাহাড় এবং ডুয়ার্সজুড়ে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দক্ষিণ ছত্তীসগঢ়ে একটি নিম্নচাপ অবস্থান করছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সালমীর থেকে ওড়িশার গোপালপুরের ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়াদক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৪ থেকে ৫ দিন এই অঞ্চলে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। রবিবারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে এবং আগামী চার-পাঁচ দিন বড় কোনো দুর্যোগের সতর্কতা নেই। উত্তরবঙ্গের আবহাওয়াদক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে চলবে দুর্যোগ। আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এবং মঙ্গলবার কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এবং বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বহাল রয়েছে। কলকাতার আবহাওয়াআজ তিলোত্তমায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে সোমবার থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে।