“পাগল-ছাগল নিয়ে আলোচনা করতে রাজি নই!” অস্কার ব্রুজোঁর মন্তব্যে ক্ষিপ্ত হয়ে সোজা তোপ দাগলেন ভাস্কর গাঙ্গুলি!

কিংবদন্তি ডিফেন্ডার মনোরঞ্জন ভট্টাচার্যের নামে আনুষ্ঠানিকভাবে ডাকটিকিট প্রকাশের এক বিশেষ অনুষ্ঠানে হাজির হয়ে ময়দানের পুরোনো তারকারা বর্তমান বিতর্ককে কেন্দ্র করে মুখ খুললেন অত্যন্ত চড়া সুরে। ইস্টবেঙ্গলের আইএসএল জয়কে ঘিরে প্রাক্তন কোচ অস্কার ব্রুজোঁর সম্প্রতি করা একের পর এক বিস্ফোরক মন্তব্য এবং রেফারি ম্যানেজ করার মতো গুরুতর অভিযোগ নিয়ে এবার প্রকাশ্যেই তীব্র ক্ষোভপ্রকাশ করলেন বাংলার দুই প্রাক্তন তারকা ফুটবলার ভাস্কর গাঙ্গুলি ও মনোরঞ্জন ভট্টাচার্য।
অনুষ্ঠানে অস্কার ব্রুজোঁর অভিযোগ সম্পর্কে বলতে গিয়ে দেশের প্রাক্তন গোলকিপার ভাস্কর গাঙ্গুলি কটাক্ষের সুরে বলেন, প্রমাণ ছাড়া এই ধরনের কথার কোনো অর্থ হয় না। তিনি আরও বলেন, “সত্যি-মিথ্যা আমি জানি না। পাগলের কথায় আর কী করব বলুন? সে এখন বলতে পারে আমি কালকে প্রেসিডেন্ট হব। পাগল নিয়ে আর ছাগল নিয়ে আলোচনা করতে আমি রাজি নই।” ভাস্করের সাফ কথা, মাঠের পরিবেশ নষ্ট করার জন্যই এই ধরনের মন্তব্য করা হচ্ছে এবং এসব মানুষকে বাড়তি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই।
অন্যদিকে, একই অনুষ্ঠানে অস্কার বিতর্ক নিয়ে মুখ খুলে ময়দানের আরেক কিংবদন্তি মনোরঞ্জন ভট্টাচার্য জানান, এই ধরনের মন্তব্য ক্লাবের দীর্ঘদিনের অর্জিত সুনামে কালিলেপন করার সামিল। ২২ বছর পর ইস্টবেঙ্গলের লিগ জয়কে খাটো করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, নকআউট টুর্নামেন্টের চেয়ে দীর্ঘমেয়াদি লিগ জয় অনেক বেশি কঠিন এবং কনস্ট্যান্ট পারফরম্যান্সের ফল। অস্কারের মতো একজন কোচের কাছ থেকে এই ধরনের প্রমাণহীন ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য একেবারেই কাম্য নয় বলে স্পষ্ট জানিয়ে দেন মনোরঞ্জন ভট্টাচার্য।